ব্র্যাকের ফিলিপাইন কর্মসূচির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ফিলিপাইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দেশটির মুসলিম-অধ্যুষিত মিন্দানাও এলাকায় ব্র্যাকের এক হাজার ৬০০ প্রাক-প্রাথমিক বিদ্যালয় ১১টি স্থানীয় এনজিওর মাধ্যমে পরিচালিত হবে। গতকাল বৃহস্পতিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে ফিলিপাইন কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ বলেন, ‘ফিলিপাইনের পিছিয়ে পড়া অঞ্চলে কাজের অনেক সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জও রয়েছে। স্থানীয় শক্তিশালী কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এ কাজে সফল হব।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো. নজরুল ইসলাম খান, ফিলিপাইনের শিক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি ফ্রান্সিসকো এম ভেরেলা, ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জাস্টিন লি, ব্র্যাক ফিলিপাইনের ব্যবস্থাপনা পরামর্শক র‌্যামন সি ববিয়ার, ব্র্যাকের শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলাম, ব্র্যাক কমিউনিকেশনসের পরিচালক আসিফ সালেহ, ব্র্যাক ইন্টারন্যাশনালের কর্মসূচি উন্নয়ন সমন্বয়কারী রেহানা আমিন মোরশেদ প্রমুখ।ফিলিপাইনের মিন্দানাও এলাকায় সরকারি শিক্ষাব্যবস্থায় শিক্ষকস্বল্পতা রয়েছে। স্কুলগুলো থেকে ছাত্রছাত্রীদের ঝরে পড়ার হার অনেক বেশি। এর ফলে শিক্ষার হার অনেক কম। মিন্দানাওয়ের সংঘাত-সংকুল এলাকাগুলোতে এ সমস্যা বেশি। সেখানে স্কুলে পড়ছে এবং ঝরে পড়া ছেলেমেয়েদের সংখ্যা সমান। ওই অঞ্চলে ব্যবহারোপযোগী পাঠক্রম ও শিক্ষা উপকরণ তৈরি করার জন্য ব্র্যাক ফিলিপাইনের শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সহায়তায় অনেকগুলো কর্মশালা পরিচালনা করেছে। স্থানীয় সংস্কৃতির প্রেক্ষাপটে তৈরি এই পাঠক্রম প্রাথমিকভাবে ফিলিপাইনের প্রাক-প্রাথমিক ও মৌলিক শিক্ষার মান ও দক্ষতাকে অনুসরণ করবে।