ব্লগারদের মুক্তির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র সুব্রত অধিকারী শুভসহ গ্রেপ্তার ব্লগারদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল শনিবার উপাচার্যের কার্যালয় অবরোধ করেন। পরে উপাচার্যের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। এর আগে দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন তাঁরা। পূর্বঘোষণা অনুযায়ী গতকাল বেলা ১১টার দিকে শিক্ষক-শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। সমাবেশে বাংলা বিভাগের অধ্যাপক রফিকুল্লাহ খান বলেন, মুক্তচিন্তার ব্লগাররা ইসলামের ক্ষতি করেননি, বরং ক্ষতি করেছে সেসব সংগঠন, যারা ইসলামে রাজনীতি নিয়ে এসেছে। সমাবেশে আরও বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মশিউর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক প্রমুখ।সমাবেশ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বেলা দেড়টার দিকে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কার্যালয়ের সামনের বারান্দায় অবস্থান নেয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এটি শুধু আন্দোলনকারীদের নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের দাবি। বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। বেলা পৌনে তিনটায় আন্দোলনকারীরা তাঁদের অবরোধ প্রত্যাহার করেন।