বড় কেন্দ্র স্থাপিত না হওয়ায় বিদ্যুতের দাম অস্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধি’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, গত কয়েক বছরে ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক কেন্দ্রের পাশাপাশি গ্যাস অথবা কয়লাভিত্তিক বড় কোনো কেন্দ্র স্থাপিত না হওয়ায় বিদ্যুতের দাম অস্থিতিশীল হয়েছে। বারবার বাড়াতে হয়েছে বিদ্যুতের দাম। কিন্তু উৎপাদন ও সরবরাহে স্থিতিশীলতা আসেনি।জাতীয় প্রেসক্লাবে গতকাল রোববার সকালে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ওই সভায় বক্তারা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সম্পর্কে বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে তারা গ্রাহকের চেয়ে সরকারের স্বার্থ রক্ষায় বেশি মনোযোগী। বিদ্যুৎ চুরি, কোম্পানিগুলোর আয়-ব্যয়ের হিসাবের স্বচ্ছতা—এসব বিষয় নিয়ে বিইআরসির প্রয়োজনীয় ভাবনা নেই।সভার প্রধান অতিথি, বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন ওই অভিযোগ অস্বীকার করে বলেন, বিইআরসি সব সময় ভোক্তাদের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছে। এ ব্যাপারে তাঁরা কোনো আপস করেননি।সভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম. তামিম বলেন, বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ব্যর্থতার কারণে বিদ্যুৎ খাতে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়নি। গ্যাসভিত্তিক বিবিয়ানা-১ কেন্দ্রের বাস্তবায়ন বিশ্বব্যাংকের অর্থ না পাওয়ায় যখন অনিশ্চিত হয়ে পড়ে, তখন সরকার ভাড়াভিত্তিক কেন্দ্র কম করে সেখানে বিনিয়োগ করতে পারত।প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিদ্যুৎ-জ্বালানি বিষয়ের গবেষক ইজাজ হোসেন বলেন, গ্যাস-কয়লাচালিত বড় কেন্দ্র স্থাপন না করে বিদ্যুতের দাম কম রাখা সম্ভব হবে না।সভায় বিইআরসির সদস্য ইমদাদুল হক, সেলিম মাহমুদ ও দেলোয়ার হোসেন বক্তব্য দেন। এফইআরবির চেয়ারম্যান মোল্লাহ আমজাদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।