বড় গরুর দামই বলছেন না ক্রেতারা
দু-এক দিন আগে যেসব গরুর পাঁচ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে, এখন সেসব গরুর দাম দুই লাখ, আড়াই লাখ টাকা দাম বলছেন ক্রেতারা। তবে বেশির ভাগ গরুর দামই বলছেন না ক্রেতারা। কিন্তু ছোট ও মাঝারি আকৃতির গরু দেদারছে কিনছে মানুষ।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানীর গাবতলীর পশুর হাটে এ দৃশ্য দেখা যায়। হাসিল ঘরের সামনেও কোনো বড় গরু দেখা মেলেনি। বেশির ভাগ মানুষকেই ছোট-মাঝারি ধরনের গরু কিনে নিয়ে যেতে দেখা যায়।
কেরাণীগঞ্জের খামারি ইলিয়াস উদ্দিন ২০টি বিশালাকৃতির গরু নিয়ে এসেছেন। তাঁর গরুগুলো গতকাল পাঁচ লাখ টাকা দাম বললেও এখন বড় জোর আড়াই লাখ টাকা দাম উঠেছে। তিনি বলেন, ‘পাঁচ লাখ টাকা দাম ওঠার পরও কেন যে বিক্রি করিনি। আসলে ভাই ভাগ্যে নাই।’
মোবারক হোসেন নামের আরেকজন ব্যবসায়ী বলেন, ‘এই গরুর কম করে হলেও ১৬ মণ মাংস আছে। কিন্তু দাম বলছে দেড় লাখ। মাংস বিক্রি করলেও তো তিন লাখের ওপরে দাম হওয়ার কথা।’ কত দাম উঠছিল জানতে চাইলে তিনি বলেন, ‘সে কথা বইলেন না ভাই, সাড়ে চার লাখ পর্যন্ত উঠছিল।’ আব্বাস আলী নামের এক ব্যবসায়ী বলেন, ‘গরুর দাম উঠছিল পাঁচ লাখ। এখন মানুষ দেখেই চলে যাচ্ছে। আর সময় বেশি নেই। কি যে হবে!’
৩৩ হাজার টাকায় একটি ছোট আকৃতির গরু কিনেছেন মোখলেসুর রহমান। তিনি বলেন, ‘বড় গরু কিনলেও একটা গরু। ছোট গরু কিনলেও একটা। বেশি দাম দিয়ে কেনার দরকার কী?’
হাসিলসহ ৪৪ হাজার টাকা দামের একটি মাঝারি আকৃতির গরু কিনেছেন শাহেদুল ইসলাম। তিনি বলেন, ‘মাঝারি আকৃতির গরু নিয়ে যাওয়া সহজ, ব্যবস্থাপনাও সহজ। তাই এটা কিনেছি।’
গাবতলী পশুর হাটে দ্রুত গরু বিক্রি হওয়ার কারণে হাসিল ঘরের সামনে পশুর লাইন পড়ে যায়। ক্রেতারা হাসিল গ্রহণকারীদের অদক্ষতা ও ধীর গতির অভিযোগ করেন। সাকলাইন নামের একজন গরুর ক্রেতা বলেন, ‘৪০ মিনিট ধরে দাঁড়িয়ে আছি। এখনো হাসিল পাইনি।’