জমি অধিগ্রহণের প্রতিবাদে রেড ক্রিসেন্টের উদ্যোগে মানববন্ধন
বড় মগবাজারে সরকারি স্কুল নির্মাণ নিয়ে জটিলতা
রাজধানীর বড় মগ-বাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর-সংলগ্ন কিছু জমি দখলের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছেন সোসাইটির কর্মকর্তা-কর্মচারী। গতকাল মঙ্গলবার দুপুরে মগবাজার চৌরাস্তায় আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে তাঁরা এ প্রতিবাদ জানান।মানববন্ধনে বক্তারা বলেন, ৭ এপ্রিল একদল ভাড়াটে সন্ত্রাসী জোর করে সোসাইটির দশমিক ৯৩১২ একর জমি দখল করে নেয়। তাদের সঙ্গে সংঘর্ষে সোসাইটির কর্মকর্তা-কর্মচারীদের ১০ জন আহত হন।জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় ওই এলাকায় একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটি দাবি করছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জমিটি সোসাইটিকে দিয়ে গেছেন।শিক্ষা মন্ত্রণালয় ও জেলা প্রশাসন জানায়, জমিটি সোসাইটির নয়। সরকারের অধিগ্রহণ করা ওই জমিতে স্কুল প্রতিষ্ঠার প্রস্তুতি চলছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ১১টি মাধ্যমিক বিদ্যালয় এবং ছয়টি মহাবিদ্যালয় প্রকল্পের আওতায় মগবাজারে এই স্কুলটি প্রতিষ্ঠা করা হবে। এ লক্ষ্যে জেলা প্রশাসনকে প্রায় ৪৩ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। স্থানীয় সাংসদ আসমা জেরিন ঝুমু বলেন, ‘এ এলাকায় একটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠান এলাকাবাসীর প্রাণের দাবি। রেড ক্রিসেন্ট সোসাইটির জমিতে নয়, জনস্বার্থে সরকারি জমিতেই শিক্ষাপ্রতিষ্ঠানটি নির্মাণ করা হচ্ছে। একটি কুচক্রী মহল কোটি কোটি টাকার এই জমি ডেভেলপারকে দিয়ে কীভাবে কমিশন পাওয়া যায়, সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জমি দখলের বিষয়ে জানতে চাইলে সাংসদ বলেন, ‘ভাড়াটে সন্ত্রাসী নয়, বরং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনানুগ উচ্ছেদ-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’ রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালক (তথ্য ও জনসংযোগ) রিজিয়া জোবেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল দাবি করা হয়, ‘ভূমি মন্ত্রণালয় থেকে ভূমি দখলের জন্য যে আদেশ থাকার কথা, তা দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট দেখাতে পারেননি। ’বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, রেড ক্রিসেন্টের জমি অবৈধভাবে দখল করা হয়েছে। জমিটি রেড ক্রিসেন্ট নামজারি করে এবং খাজনা দিয়ে ভোগদখল করে আসছে। তবে জেলা প্রশাসনের গত ২৭ মার্চের চিঠিতে দেখা যায়, অধিগ্রহণ করা ভূমির দখল শিক্ষা মন্ত্রণালয়কে হস্তান্তরের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উপস্থিত থাকতে বলা হয়।