বড়দিনকে ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ ডিসেম্বর খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদ্‌যাপন উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার ডিএমপি সদর দপ্তরে এ নিয়ে অনুষ্ঠিত বৈঠকে আতশবাজি পোড়ানো ও পটকা ফাটানো যাবে না বলেও সিদ্ধান্ত হয়।

ডিএমপি সূত্র জানায়, গতকাল ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে বড়দিনের নিরাপত্তা নিয়ে বৈঠক হয়। এতে খ্রিষ্টান সম্প্রদায়ের নেতা ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজধানীর ছোট-বড় ৭৬টি গির্জায় পর্যাপ্ত আলোকসজ্জাসহ ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসিয়ে নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে। গির্জায় ঢোকার আগে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত দল নিরাপত্তা তল্লাশি করবে। গির্জা এলাকায় কোনো ভাসমান দোকান বসাতে দেওয়া হবে না। দর্শনার্থীদের আর্চওয়ে দিয়ে ঢুকতে হবে। নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ডিএমপির ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়করণ দল ও বিশেষায়িত সোয়াট বাহিনী মোতায়েন করা হবে। গির্জা ও এর আশপাশ এলাকায় পুলিশের বিশেষ শাখার বিস্ফোরক শনাক্তকরণ দল মোতায়েন থাকবে।

গতকাল আছাদুজ্জামান মিয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়দিনের পবিত্রতা রক্ষা ও অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।