ভবন ও লোকবল সবই আছে, নেই শুধু রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি হাসপাতাল, তা-ও আবার মাতৃসদন। কিন্তু নেহাত বিপাকে না পড়লে এর দরজা মাড়ান না কেউ। হাসপাতালটির স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ চালাচ্ছেন শিশু বিশেষজ্ঞ। অপর তিন চিকিৎসকের দুজনকে নিয়েও আছে বিস্তর অভিযোগ। তাই ঢাকা সিটি করপোরেশন পরিচালিত নাজিরা বাজার মাতৃসদনটি থেকে সেবা পাচ্ছে না মানুষ।গত ২ মার্চ সকালে নাজিরাবাজারে হাসপাতালের বহির্বিভাগে প্রথম দুই ঘণ্টায় একজন রোগীকেও আসতে দেখা যায়নি। ছয়তলাবিশিষ্ট সুপরিসর মাতৃসদনটির শয্যাসংখ্যা ৩১। কিন্তু ওই দিন ভর্তি ছিলেন মাত্র দুজন রোগী। গত কয়েক মাসের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, ২০১২ সালের নভেম্বরে হাসপাতালটিতে স্বাভাবিক প্রসব হয়েছে ১১টি, অস্ত্রোপচার ছয়টি, ডিসেম্বরে স্বাভাবিক ১১টি, অস্ত্রোপচার ১৩টি এবং গত জানুয়ারিতে স্বাভাবিক আটটি ও অস্ত্রোপচারে প্রসব করানো হয় ১০টি। হাসপাতাল ঘুরে ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসক, নার্স, আয়া, ফার্মাসিস্ট, ঝাড়ুদারসহ সব কর্মকর্তা-কর্মচারীই আছেন। নেই শুধু রোগী। অনিয়ম: নিয়ম অনুযায়ী মাতৃসদনটির পরামর্শকই (স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা) প্রশাসকের দায়িত্ব পালন করছেন। কিন্তু এ পদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রিসহ চিকিৎসা অনুষদের লাইসেন্স, এফসিপিএস হিসেবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা বা ডিজিও ও এমসিপিএস (গাইনি) অথবা সমমানের ডিগ্রি/ডিপ্লোমাসহ পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। প্রতিষ্ঠানটির প্রশাসক ইসরাত জাহান চৌধুরী বলেছেন, তিনি শিশু স্বাস্থ্য বিষয়ে ডিপ্লোমা করেছেন, জরুরি প্রসূতিসেবায়ও প্রশিক্ষণপ্রাপ্ত। তাই হাসপাতাল চালানোয় সমস্যা হয় না। প্রশাসকের সমর্থনে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আবদুল্লাহ হারুন বলেন, ইসরাত জাহানের প্রশিক্ষণ আছে, কাজ চালিয়ে নিতে পারছেন।তবে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বলছে, জরুরি প্রসূতিসেবার প্রশিক্ষণ উচ্চতর ডিগ্রি নয়।জানা গেছে, ২০১০ সালে পরামর্শক ও প্রশাসকের পদটি খালি হওয়ার সময় ইসরাত জাহান মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। তাঁকে প্রশাসক পদে সাময়িকভাবে চলতি দায়িত্ব দেওয়া হয়। নিয়ম অনুযায়ী চলতি দায়িত্ব/অতিরিক্ত দায়িত্বের স্থায়িত্ব দুই মাসের বেশি হলে বিষয়টি দুই মাস পেরোনোর আগেই সংশ্লিষ্ট পদোন্নতি কমিটি অথবা বোর্ডের অনুমোদনের জন্য পেশ করতে হবে। অপর দুই চিকিৎসকের একজন শাহ তাহমিনা সিদ্দিকা । জানা গেছে, তিনি হাসপাতালে আসেন সপ্তাহে এক দিন। তিনিও স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যায় এমএস কোর্সে ভর্তি হয়েছেন। প্রথম পর্বে উত্তীর্ণ হলেও দ্বিতীয় পর্ব পাস করতে পারেননি। তিনি বিশেষজ্ঞ পরিচয় দিয়ে দুটি ক্লিনিকে নিয়মিত রোগী দেখেন।তবে তাহমিনা সিদ্দিকার দাবি, হাসপাতালে কাজের সময় তিনি অন্য কোথাও রোগী দেখেন না। হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তার চলতি দায়িত্বে আছেন সাথী হক। আবাসিক চিকিৎসা কর্মকর্তার পদটি ষষ্ঠ গ্রেডভুক্ত হলেও উপযুক্ত প্রার্থী না পাওয়ায় নবম গ্রেডের কর্মকর্তা (ভিত্তি পদ) সাথী হককে এ পদে কাজ করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। কিন্তু নবম গ্রেডের কর্মকর্তা হয়েও তিনি বেতন-ভাতা তুলছেন ষষ্ঠ গ্রেডের। সাথী খানম বলেছেন, তিনি বেতন-ভাতা বেশি তুলছেন কি না, তা দেখার দায়িত্ব করপোরেশনের। সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আবদুল্লাহ হারুন অনিয়ম খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।