ভবন থেকে পড়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল সোমবার পৃথক দুটি ঘটনায় বহুতল ভবন থেকে নিচে পড়ে আবুল কাশেম (৪০) ও বায়তুল্লাহ (১৮) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
সূত্র জানায়, গতকাল বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর নবাবপুর রোড পাইপ মার্কেটের পাশে একটি নির্মাণাধীন ভবনের নবমতলায় কাজ করার সময় লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান রাজমিস্ত্রি আবুল কাশেম। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত কাশেমের গ্রামের বাড়ি নাটোর সদরে।
এদিকে গতকাল দুপুর ১২টার দিকে শেরেবাংলা নগরে আগারগাঁও বিএনপি বাজারের নির্মাণাধীন ভবনের ১৩ তলায় কাজ করার সময় নিচে পড়ে যান বায়তুল্লাহ নামের এক শ্রমিক। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বায়তুল্লাহর গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। শেরেবাংলা নগর থানার কর্তব্যরত এসআই শাহজাহান মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।