ভবন নির্মাণ নীতিমালা মেনে চলার আহ্বান জানালেন তথ্যমন্ত্রী
ভূমিকম্পের বিপর্যয় থেকে রক্ষা পেতে নীতিমালা (বিল্ডিং কোড) মেনে ভবন নির্মাণ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, যারা নীতিমালা মানবে না, তাদের শাস্তি নিশ্চিত করা দরকার।গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ভূমিকম্প ও দুর্যোগব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এতে গণমাধ্যমে কর্মরত অপরাধবিষয়ক প্রতিবেদকেরা অংশ নেন। তথ্যমন্ত্রী বলেন, ভূমিকম্প ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটিয়ে দেশের মানচিত্র পরিবর্তন করে দিতে পারে। ভূমিকম্পের পরবর্তী অবস্থায় উদ্ধারকাজে কর্মী বাহিনী গড়ে তোলা দরকার। এর পূর্বশর্ত প্রশিক্ষণ। ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নাঈম মোহাম্মদ শাহীদুল্লাহ বলেন, ভূমিকম্পের সময় পরিবার ও প্রতিবেশীকে বাঁচানো প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সচেতনতা, প্রশিক্ষণ এবং দুর্যোগ থেকে রক্ষার সময় বহনযোগ্য কিছু যন্ত্রপাতির ব্যবহার জানা থাকলে বিপর্যয় থেকেও রক্ষা পাওয়া যায়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন, ক্র্যাবের সভাপতি আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক ইশারফ হোসেন।