ভবন নির্মাণে চুক্তি করে চাঁদা দাবি, হত্যার হুমকি
পৈতৃক জমিতে ভবন নির্মাণের জন্য আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন পল্লবীর বাসিন্দা মনির আহম্মেদ ও তাঁর ভাইয়েরা। নির্মাণকাজ শুরু হলে মনির সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশে ওই প্রতিষ্ঠানের ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেন। হুমকিস্বরূপ গুলি করে আহত করেন এক নির্মাণশ্রমিককে। গতকাল সোমবার এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ ঘটনার বর্ণনা দিয়ে জানায়, গত রোববার রাত ১২টার দিকে পল্লবী থেকে মনিরসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অন্য চারজন হলেন: মো. ইমরান, রবিউল হক, জাহাঙ্গীর ও আজগর আলী। তাঁদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, কয়েকটি গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে ব্রিফিংকালে গ্রেপ্তার পাঁচজনকে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সাংবাদিকদের সামনে অপরাধের কথা স্বীকার করেন। গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মশিউর রহমান বলেন, গত ২৯ সেপ্টেম্বর সকালে পল্লবীর ১১ নম্বর সড়কের সি-ব্লকে নির্মাণাধীন ওই ভবনটিতে ঢুকে এক যুবক নিরাপত্তাকর্মী মোবারকের হাতে দুটি চিঠির খাম দিয়ে ঠিকাদারের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ওই যুবক মো. রবিউল (২৫) নামের এক নির্মাণশ্রমিককে গুলি করেন এবং ওই দিনের মধ্যে চাঁদা না দিলে সবাইকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান। মশিউর বলেন, পুলিশের পাশাপাশি ডিবিও ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, শ্রমিককে যে গুলি করেছিলেন তাঁর নাম ইমরান। ডিবি প্রথমে তাঁকে এবং পরে তাঁর তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তার করে। ডিবির সহকারী কমিশনার (এসি) তৌহিদুল ইসলাম বলেন, মনির ছাড়া গ্রেপ্তার চারজন পল্লবীর কুখ্যাত সন্ত্রাসী চান ওরফে বিহারী চানের সহযোগী। চান গ্রেপ্তার হওয়া রবিউলের ভগ্নিপতি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ প্রায় ১৩টি মামলা রয়েছে। মনির বলেন, তিনি রবিউল ও জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করে চাঁদা দাবির কথা বলেছিলেন। ইমরান বলেন, জাহাঙ্গীরের নির্দেশেই তিনি ওই দিন চাঁদা দাবি করে গুলি করেছিলেন। আরও ছয়জন গ্রেপ্তার: ডিবি জানায়, রোববার রাত ১০টার দিকে সবুজবাগের মধ্য বাসাবোর পার্কে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, ছয়টি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন: তোফাজ্জল হোসেন ও মো. বাবু। তাঁরা অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত। ডিবি জানায়, দুটি বেসরকারি মুঠোফোন কোম্পানিতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে রোববার রাত সাড়ে আটটার দিকে মধ্য বাড্ডা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন: মিজানুর রহমান, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, মো. মিরাজ। মিজানুর ‘গ্রামীণফোন টাওয়ার নেটওয়ার্কস সার্ভিস লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের কথিত ব্যবস্থাপনা পরিচালক ও অন্যরা কর্মচারী। ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তাঁরা বিভিন্ন পত্রিকায় মুঠোফোন কোম্পানির টাওয়ারে নিয়োগ বিজ্ঞপ্তি দিতেন। বিভিন্ন যুবক চাকরির সন্ধানে সেখানে গেলে তাঁদের তত্ত্বাবধায়ক ও নিরাপত্তাকর্মী পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।