ভবন নড়বড়, বুক ধড়ফড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফরিদাবাদে অবস্থিত বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়ের ভবনে ফাটল ধরেছে। বাংলাদেশ ব্যাংক কলোনিতে অবস্থিত এ বিদ্যালয়ে পাঠদান চলছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে। আর সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে অভিভাবকেরা থাকেন উৎকণ্ঠায়। ভবন ঝুঁকিপূর্ণ বিধায় গত মে মাসে কয়েকটি শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের মাঠে। সরেজমিনে দেখা যায়, ভবনের নিচতলার দক্ষিণ-পশ্চিম কোণের একটি ক্ষতিগ্রস্ত কলামের রড বেরিয়ে এসেছে। ভবনের চতুর্থ তলার উত্তর ও দক্ষিণ পাশের করিডরের ছাদজুড়ে পূর্ব-পশ্চিম বরাবর ফাটল। এ ছাড়া সিমেন্ট দিয়ে ও রং করে ঢেকে দেওয়া হয়েছে পঞ্চম তলায় দেয়ালের ফাটলগুলো। ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনের দক্ষিণ-পশ্চিম অংশের ১০৪, ২০৪, ৩০৪ ও ৪০৪ নম্বর কক্ষ বন্ধ করে দেওয়া হয়েছে। এসব কক্ষের শিক্ষার্থীদের একসঙ্গে পাঠদান করা হচ্ছে নিচের তলার হলকক্ষে। একসঙ্গে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করতে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মুখীন হচ্ছে নানা বিড়ম্বনার।অভিভাবক হারুন অর রশিদ ও মো. আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘ফাটল দেখা দেওয়ার পর থেকে আমরা অভিভাবকসহ এলাকাবাসী সবাই আতঙ্কিত। বিদ্যালয় কর্তৃপক্ষ ফাটল দেখা দেওয়ার পর মে মাসের শুরুতে ৮ থেকে ১০ দিন বিদ্যালয় বন্ধ ঘোষণা করে।’ এ ছাড়া তিনি আরও বলেন, গত ২৪ জুন প্রধান শিক্ষক মৌখিকভাবে জানিয়েছেন, অভিভাবকেরা নিজ দায়িত্বে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাবেন। কোনো শিক্ষার্থীকে অনুপস্থিতির জন্য জরিমানা দিতে হবে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বলেন, ‘ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) প্রকৌশলী দল সম্পূর্ণ ভবন ঝুঁকিপূর্ণ বলেননি। এ ক্ষেত্রে আমি চাইলে বিদ্যালয় বন্ধ ঘোষণা করতে পারি না।’ তিনি আরও বলেন, ‘এ এলাকায় ৮০ থেকে ৯০ জন শিক্ষার্থী বসার উপযোগী কমপক্ষে ৩০টি কক্ষবিশিষ্ট কোনো ভবন পাওয়া গেলে কর্তৃপক্ষকে বিদ্যালয় স্থানান্তরের অনুরোধ জানাব।’বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জিয়াউল হক বলেন, ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে তদারকি করছে। ডুয়েটের প্রকৌশলীদের কাছ থেকে ভবনের কাঠামোগত পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর স্থায়ীভাবে বিষয়টির সমাধান করা হবে।উল্লেখ্য, গত ২ মে বিদ্যালয়ের চারতলার উত্তর ও দক্ষিণ পাশের করিডরে ছাদে ফাটল দেখা দেয়। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হলে ৪ মে ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রকৌশলীরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ নয়। পরে ডুয়েটের প্রকৌশলী দল ৮ মে ভবনটির পঞ্চম তলা ও দক্ষিণ-পশ্চিম কোণে সব রকম কার্যক্রম বন্ধ করে দেয়। এ ছাড়া সৃষ্ট ফাটলের কারণ ও ভবনের কাঠামোগত বিষয়ে অনুসন্ধানে কিছু কারিগরি পরীক্ষা করার জন্য সময়ের প্রয়োজন বলে জানায়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জিয়াউল হক জানান, দুই মাস হতে চললেও এ ব্যাপারে এখনো কোনো প্রতিবেদন জমা দেয়নি ডুয়েট কর্তৃপক্ষ। এ ব্যাপারে ডুয়েটের প্রকৌশলী দলের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।