ভবনে পানি জমে থাকলে জরিমানার হুঁশিয়ারি
সরকারি-বেসরকারি যে প্রতিষ্ঠানই হোক না কেন, নির্মাণাধীন, পরিত্যক্ত বা যেকোনো ভবনে পানি জমিয়ে রেখে ডেঙ্গু প্রজননে সহায়ক ভূমিকা রাখলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম।
মন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে দু-এক দিনের মধ্যেই ঢাকার দুই সিটি করপোরেশনে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জোরালোভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আগামী সোমবার এডিস মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জরুরি সভা ডাকা হয়েছে বলেও তিনি জানান।
আজ বৃহস্পতিবার মন্ত্রী তাঁর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, ভবনের ভেতর কিংবা বাসার ছাদ, আঙিনা, ফুলের টব, ফ্রিজ-এয়ারকন্ডিশনে কোনো অবস্থাতেই যেন জমা পানি না থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে। কারণ, তিন দিনের বেশি পানি জমে থাকলে এডিস মশার প্রজনন হয়ে থাকে।
মন্ত্রী আরও বলেন, মানুষকে বারবার এসব বিষয়ে সচেতন করার পরও অনেকে আমলে নিচ্ছেন না। দুই সিটিতে ১০ জন করে ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। সোমবার থেকে তাঁরা অভিযান চালাবেন। যারা নির্দেশনা অমান্য করবে, অভিযানে তাদের জরিমানা করা হবে। সরকারি প্রতিষ্ঠান হলেও এডিস মশার প্রজননে ভূমিকা রাখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের জানমাল ক্ষতিগ্রস্ত করার কোনো অধিকার কারোর নেই।
এ বছরের জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত মোট ৫৩৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। ঢাকা উত্তর সিটির তুলনায় দক্ষিণ সিটি এলাকায় এডিস মশার প্রকোপ একটু বেশি বলে তথ্য পাওয়া গেছে।