ভবনে ফাটল, দোকান মালিকদের ভিন্ন কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ সুপার মার্কেটের ভবন তৈরির অনুমতি ছিল তিনতলা পর্যন্ত। তবে তা করা হয়েছে সাততলা। এ ছাড়া ভবনে ফাটলও দেখা গেছে।রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবনমালিক সিরাজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে। তবে ভবনের দোকান মালিক সমিতির নেতারা বলছেন, সাভারে ভবনধসের ঘটনাকে ব্যবহার করে মালিক নিজেই শাবল দিয়ে এক জায়গায় খানিকটা গর্ত করে ফাটলের কথা বলে সবাইকে ভবন থেকে তাড়াতে চাইছেন। মালিক চাইছেন এই জায়গায় নতুন করে বহুতল ভবন করতে।গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, ভবনের চারপাশের সবগুলো কলাপসিবল গেটে তালা লাগানো। ভেতরে নিচতলায় বিভিন্ন দোকানে মালিক ও কর্মচারীরা অবস্থান করছেন। কলাপসিবল গেটের বাইরে দাঁড়িয়ে এই প্রতিবেদক মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এই ভবনে পাঁচটি পোশাকশিল্প কারখানাসহ ১৬০টি দোকান আছে। ভবনের দোকান মালিক সমিতির সাবেক সভাপতি মো. শামীম প্রথম আলোকে বলেন, ভবনের মালিকের সঙ্গে ৯৯ বছরের লিজ দলিলে চুক্তি হয়েছে। কিন্তু মালিক কিছুদিন ধরেই চাইছেন, এখানে বহুতল ভবন করবেন। তিনি বলেন, ২৩ বছর ধরে এই ভবনে ব্যবসা করলেও এবারই প্রথম জানা গেল, তিনতলা পর্যন্ত ভবন তৈরির অনুমতি ছিল। তাঁর মতে, তিনতলার ওপরে যেসব অবৈধ তালা আছে, তা ভেঙে ফেলা হোক। কিন্তু তার জন্য ভবনের মালিকের উচিত ছিল দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনায় বসা। দোকান মালিক সমিতির নেতারা অভিযোগ করেন, মোহাম্মদপুর থানার পুলিশ গতকাল তাঁদের মার্কেটের ভেতরে রেখে তালা দিয়ে চাবি নিয়ে চলে গেছে। তবে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বলেন, তালার চাবি নিয়ে আসার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মালিক সমিতির নেতারা নিজেরাই ভেতর থেকে বের হচ্ছেন না। রাজউকের প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভবন তৈরির জন্য ইমারত নির্মাণসংক্রান্ত যেসব নিয়ম মানতে হয়, তার কিছুই মানা হয়নি। ভবনের চারপাশে এক ইঞ্চি পরিমাণও খালি জায়গা রাখা হয়নি। ভবনটি সম্পূর্ণ অবৈধ। তবে ভবনটি শতভাগ ঝুঁকিপূর্ণ কি না, তা অন্য বিষয়। এসব অভিযোগে ভবনের মালিকের বিরুদ্ধে রাজউক গত শনিবার মামলা করেছে। মালিক এখন পলাতক।কথা বলার জন্য গতকাল ভবনমালিকের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।গতকাল ইলেকট্রনিক মিডিয়ার মালিকপক্ষ ও প্রধান নির্বাহীদের সঙ্গে মতবিনিময় সভায় বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘এই মার্কেট ভবনের মালিক চাইছেন না ভবনে পোশাকশিল্প কারখানা থাকুক। তাই তিনি নিজেই ভবনে ফাটল তৈরি করেছেন।’