ভবনের ন্যায্য হিসাবের দাবিতে অবস্থান ধর্মঘট ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জমিতে নির্মিত ভবনের ন্যায্য হিসাব বুঝে পাওয়ার দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেছেন এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত তাঁরা এ ধর্মঘট ও সমাবেশ করেন।একই দাবিতে কয়েক দিন ধরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন তাঁরা। দাবি আদায়ে তাঁরা ‘এতিমখানা রক্ষা ও দুর্নীতি প্রতিরোধ কমিটি’ গঠন করেছেন। এর উদ্যোগেই চলছে এ আন্দোলন।কমিটির কর্মকর্তা-কর্মচারীরা বলেন, ২০০৩ সালে ভবন নির্মাণের জন্য আবাসন প্রতিষ্ঠান ‘কনকর্ড ডেভেলপার’কে এতিমখানার দুই বিঘা জমি দেওয়া হয়। এ জন্য ওই প্রতিষ্ঠানের সঙ্গে একটি চুক্তিও হয়। চুক্তি অনুযায়ী, ভবনের এক থেকে ছয়তলা পর্যন্ত ৩৫ ভাগ পাবে এতিমখানা ও ৬৫ ভাগ পাবে প্রতিষ্ঠান। সাত তলা থেকে ১৪ তলা পর্যন্ত হবে ফ্ল্যাট। এখান থেকে ১২ ভাগ পাবে এতিমাখানা এবং বাকি অংশ পাবে প্রতিষ্ঠান।সমাবেশে প্রতিরোধ কমিটির কর্মকর্তা-কর্মচারীরা বলেন, চুক্তি অনুযায়ী, ১৪ তলা ভবনের কথা বলা হলেও এখন আরও চারতলা বাড়িয়ে ১৮ তলা করা হয়েছে। অথচ অতিরিক্ত চারতলার ব্যাপারে এতিমখানার সঙ্গে কোনো কথাবার্তা হয়নি। এমনিতেই চুক্তি অনুযায়ী সবচেয়ে কম অংশ পাচ্ছে এতিম-খানা। তার ওপর যা বলা হয়েছে, তা নিয়েও দেখা দিয়েছে সন্দেহ। কারণ, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কাগজপত্র ও হিসাব এতিমখানাকে বুঝিয়ে দেওয়া হয়নি। সলিমুল্লাহ মুসলিম এতিমখানার কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, এতিমখানা পরিচালনা কমিটির কর্মকর্তাদের দুর্নীতির কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। কমিটির কর্মকর্তারা উদ্দেশ্য-প্রণোদিতভাবেই এতিমখানাকে এভাবে বঞ্চিত করে চলেছেন। এ ক্ষেত্রে পরিচালনা কমিটি বিলুপ্তি ও সমস্যা সমাধানে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন প্রতিরোধ কমিটির কর্মকর্তা-কর্মচারীরা।