অষ্টম জাতীয় বেতন-কাঠামোতে শিক্ষকদের পদমর্যাদা পুনর্নির্ধারণ ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এমন সিদ্ধান্তকে শৃঙ্খলাবিরোধী উল্লেখ করে সংগঠনটিকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন৷ গতকাল বিকেলে ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় একাডেমিক কাউন্সিলের জরুরি সভা ডেকেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান। কাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কলা ও আইন অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও প্রশাসন সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে সাধারণ সভায় ভর্তি পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নেয় শিক্ষক সমিতি। পরে বিকেল চারটার দিকে শিক্ষক সমিতির একটি প্রতিনিধি দলের সঙ্গে উপাচার্য মীজানুর রহমান তাঁর কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে ভর্তি পরীক্ষায় দায়িত্ব পালনের জন্য শিক্ষকদের অনুরোধ জানান উপাচার্য। কিন্তু নিজেদের সিদ্ধান্তেই অটল থাকেন তাঁরা।
শিক্ষকদের দাবি, সপ্তম বেতন-কাঠামোতে সচিব ও সিলেকশন গ্রেড পাওয়া অধ্যাপকেরা সর্বোচ্চ গ্রেড-১-এ ছিলেন। শুধু মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্যসচিব গ্রেড-১-এ থাকলেও একটি অতিরিক্ত ভাতা পেতেন। কিন্তু সদ্য ঘোষিত অষ্টম বেতন স্কেলে গ্রেড-১-এর ওপরে আরও দুটি বিশেষ ধাপ রয়েছে এবং সিলেকশন গ্রেড বাতিল করা হয়েছে। তাই শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ব্যবস্থা পুনর্নির্ধারণ করতে হবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মনিরুজ্জামান বলেন, সরকার শিক্ষকদের দাবি না মানায় ভর্তি পরীক্ষা নিতে মানসিকভাবে তাঁরা প্রস্তুত নন। তবে পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন উপাচার্য মীজানুর রহমান। কিন্তু সমিতির সাধারণ সভা ছাড়া এই সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না বলে জানিয়েছেন শিক্ষকেরা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান বলেন, ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়নি। বিষয়টি নিয়ে আজ একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করা হবে।