ভর্তি পরীক্ষায় জালিয়াতি চারজনকে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি- ইউনিট) ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও জালিয়াতিতে সহযোগিতা করায় চার শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অধ্যক্ষকে হুমকি দেওয়ায় অপর একজনকে থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র রাশিদুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র রাকিবুল ইসলাম এবং ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী মোকাম উদ্দীন গাজী ও জোবায়ের মিয়া।

মমতাজ বেগম বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি করায় মোকাম উদ্দীন গাজী ও জোবায়ের মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জালিয়াতিতে সহযোগিতা করায় রাশিদুল ইসলামকে দুই বছরের ও রাকিবুলকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের বিভিন্ন ধারায় এ সাজা দেওয়া হয়।