ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তিনি। তবে ভর্তি হওয়ার উদ্দেশ্যে নয়, অন্যজনকে সহযোগিতা করাই ছিল তাঁর লক্ষ্য। এ জন্য তিনি অবলম্বন করেছেন অভিনব পন্থা। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের সময় নিজের ছবি ঠিক থাকলেও ব্যবহার করেছেন আরেকজনের সনদ। খাতা জমা দেওয়ার সময় পরিবর্তন করেছেন নাম।আইবিএর এমবিএ ভর্তি পরীক্ষায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি গোচরে আসায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মামলায় শহিদুজ্জামান সুমন ও ফারাহ শাহরীনকে আসামি করা হয়েছে। ফারাহ যেন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন, সে কারণেই ছিল এই প্রচেষ্টা।সুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক পাস করে উত্তীর্ণ হয়ে আইবিএর এমবিএতে অধ্যয়ন করছেন এবং শাহরীন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করে আইবিএতে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলেন। তাঁরা দুজনেই বেসরকারি একটি ওষুধ কোম্পানিতে একসঙ্গে চাকরি করেন। সে সূত্রেই ঘনিষ্ঠতা।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৭ জুন ২০১০-১১ শিক্ষাবর্ষের এমবিএ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় লেকচার থিয়েটার কেন্দ্রের ৩৪৭২ রোল নম্বরধারী শরীফুল আলম তানভীর ও ফারাহ শাহরীন পরীক্ষায় অংশ নিয়ে একে অন্যের উত্তরপত্র ঘষামাজা করে জালিয়াতি করেন। পরে কর্তৃপক্ষ সনদ দেখে শরীফুলকে ডেকে আনে। তবে ফারাহ শাহরীন জানান, তিনি শরীফুলকে চেনেন না। তবে কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে ফারাহ শাহরীন স্বীকার করেন, শহিদুজ্জামান সুমন তাঁর বন্ধু। তিনি শরীফুল আলমের একাডেমিক সনদ সংগ্রহ করে ফরম পূরণ করেন এবং তাঁর জন্য পরীক্ষায় অংশগ্রহণ করেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘আইবিএর ভর্তি পরীক্ষায় এমন জালিয়াতির ঘটনা শিক্ষকদের সবাইকে বিস্মিত করেছে। আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও তদন্ত করে একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে।’শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘আসামি শহিদুজ্জামান সুমনকে আটক করা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা আইনে মামলাও হয়েছে।’এজাহারে বলা হয়, পূব পরিকল্পনা অনুযায়ী শরীফুল পরীক্ষার উত্তরপত্রে ফারাহ শাহরীনের নাম ও রোল নম্বর উল্লেখ করেন। পক্ষান্তরে ফারাহ শাহরীন তাঁর উত্তরপত্রে শরীফুল আলমের নাম ও রোল নম্বর উল্লেখ করে পরীক্ষা দেন এবং উত্তরপত্র জমা দেন। অভিযোগপত্রে আরও বলা হয়, ‘ফল প্রকাশের পর শরীফুল আলমের দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফারাহ শাহরীন মৌখিক সাক্ষাৎ কারের জন্য গত শনিবার আইবিএতে উপস্থিত হন। দুজনের উত্তরপত্রে ঘষামাজা ও অসংগতি দেখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের শরণাপন্ন হন।’ আসামি শহিদুজ্জামান সুমন ও ফারাহ শাহরীন পরস্পর যোগসাজশে একে অপরের পক্ষে অংশগ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মানসম্পন্ন আইবিএকে কলুষিত করেছেন বলে মামলার অভিযোগে বলা হয়।