ভর্তি স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজিতে ভর্তি স্থগিত করার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন থেকে ভর্তি স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়।জানা যায়, গত বছরের ১৫ নভেম্বর থেকে বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজির ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনপত্র বিতরণ শুরু হয়। ১৪ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু পরীক্ষার ১০ দিন আগে হঠাৎ করে পুরো ভর্তি-প্রক্রিয়া স্থগিত করা হয়। পর্যাপ্ত শিক্ষক না থাকায় অধীভুক্ত ওই কলেজটিকে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর কলেজ কর্তৃপক্ষ ভর্তি বন্ধ করে। আবেদনকারীদের কলেজের হিসাব শাখায় রসিদ দেখিয়ে ফরমের টাকা ফিরিয়ে নিতে বলা হয়। এর প্রতিবাদে গতকাল মানববন্ধন করেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। তাঁরা জানান, কর্তৃপক্ষের হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তে তাঁরা বিপাকে পড়েছেন। তাদের অনেকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাঁরা বলেন, এটি সংশ্লিষ্ট ক্ষেত্রে উচ্চ শিক্ষার একমাত্র বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান। সেখানে এত শিক্ষক সংকট এটি মানা যায় না। তারা সব সমস্যা সমাধান করে দ্রুত ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের দাবি জানান।