ভর্তিতে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর দিবা শাখায় ভর্তিতে দুর্নীতির অভিযোগ তুলেছেন ভর্তি হতে না-পারা কিছু শিক্ষার্থীর অভিভাবক। তাঁদের অভিযোগ, ভর্তি পরীক্ষায় মেধার মূল্যায়ন হয়নি। মেধাবীদের বাদ দিয়ে ‘ভর্তিবাণিজ্য’ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিভাবকেরা ওই অভিযোগ করেন। তাঁরা সব শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার খাতা ও প্রাপ্ত নম্বর প্রকাশ করার দাবি জানিয়েছেন।সংবাদ সম্মেলনে ২০-২৫ জন অভিভাবক উপস্থিত ছিলেন। অভিভাবকদের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান আজিজুল ইসলাম। তিনি জানান, গত ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় তাঁদের সন্তানেরা খুব ভালো করেছিল। কিন্তু ফলাফলে দেখেন, তাদের নাম নেই। প্রথমে তাঁরা বিষয়টি মেনে নেন। কিন্তু পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারেন, অনেককে টাকার বিনিময়ে উত্তীর্ণ দেখানো হয়েছে।ওই অভিভাবক আরও জানান, এরপর তাঁরা কয়েকজন অভিভাবক একসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কাছে তাঁদের সন্তানদের খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেন। খাতা দেখতে চাওয়া হলে তিনি জানান, বিদ্যালয়ে কোনো খাতা নেই।অভিভাবকেরা জানান, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, র্যাব ও দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর লিখিত অভিযোগ করেছেন। তাঁরা বলেন, দুর্নীতি হয়েছে বলে শিক্ষার্থীরা কে কত নম্বর পেয়েছে, তা প্রকাশ করা হয়নি।অভিভাবকদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন ফজিলা প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি এককভাবে ভর্তি পরিচালনা করিনি। একটি কমিটির মাধ্যমে সব হয়েছে। ২৪টি সরকারি বিদ্যালয়ে একসঙ্গেই তা হয়েছে।’ তিনি বলেন, অভিভাবকেরা মিথ্যা বলেছেন।