জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি-প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। গত বছরের মতো এবারও শিক্ষার্থীরা মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে ভর্তির আবেদন করতে পারবেন। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে সার্ভিস চার্জসহ প্রতি ইউনিটে ফি লাগবে ৩৫০ টাকা। আজ ২৭ আগস্ট রাত ১২টা থেকে ২৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত যেকোনো সময় আবেদন করা যাবে। আবেদনের প্রক্রিয়া: খুদেবার্তার মাধ্যমে আবেদন করতে টেলিটকের প্রি-পেইড সংযোগ লাগবে। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে JNU লিখে স্পেস দিয়ে উচ্চমাধ্যমিক (এইচএসসি) শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার রোল নম্বর, স্পেস দিয়ে এইচএসসি পাসের সাল, স্পেস দিয়ে এসএসসি শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, স্পেস দিয়ে এসএসসি পরীক্ষার রোল নম্বর, স্পেস দিয়ে এসএসসি পাসের সাল এবং আরও একটি স্পেস দিয়ে কাঙ্ক্ষিত ইউনিটের ‘কী ওয়ার্ড’ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।এসএমএসের তথ্যগুলো সঠিক হলে একটি ফিরতি এসএমএস আসবে। এতে আবেদনকারীর নাম, ভর্তির ফি ও একটি পিন নম্বর জানিয়ে শিক্ষার্থীর সম্মতি চাওয়া হবে। সম্মতি জানাতে প্রথমে JNU, স্পেস দিয়ে YES , স্পেস দিয়ে পিন নম্বর, স্পেস দিয়ে আবেদনকারীর সঙ্গে যোগাযোগের একটি মুঠোফোন নম্বর (শিক্ষার্থীর ব্যবহূত যেকোনো অপারেটর হতে পারে) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। পরে ফিরতি একটি এসএমএসে আবেদনকারীর ভর্তি পরীক্ষার রোল নম্বর জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd-তে ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।বিজ্ঞান অনুষদের (এ-ইউনিট) ভর্তি পরীক্ষা আগামী ১২ অক্টোবর, কলা অনুষদের (বি-ইউনিট) ১৯ অক্টোবর, ব্যবসা শিক্ষা অনুষদের (সি- ইউনিট) ৯ নভেম্বর ও সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি-ইউনিট) ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।