ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ইদানীং অনেকেই সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক, সেমাই ও চিনি কিনে দিচ্ছেন। একক উদ্যোগের পাশাপাশি কয়েকজন মিলে টাকা তুলেও জামাকাপড় বিতরণের উদ্যোগ নিচ্ছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও এ কাজে এগিয়ে আসছে।
জাতীয় দলের ক্রিকেটার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বেসরকারি চাকরিজীবী সবাই যে যাঁর সাধ্যমতো সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটিয়ে তুলতে চেষ্টা করছেন। মূলত ফেসবুকে গ্রুপ বা ইভেন্ট খুলে পরিচিতজনদের কাছ থেকে পাওয়া অর্থ দিয়েই পোশাক ও সেমাই কেনা হচ্ছে। অর্থসংক্রান্ত জটিলতা এড়াতে আয়-ব্যয়ের তালিকা দিয়ে দিচ্ছেন, যেখানে সবাই দেখতে পাচ্ছেন তাঁদের দেওয়া টাকার হিসাব।
‘লাল পিরানে মধুর হাসি ভাগ করে নেই ঈদের খুশি’ নামের একটি ফেসবুক গ্রুপ রাজধানীর দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ঈদের জামা বিতরণ করেছে। গ্রুপের উদ্যোক্তা মোহাম্মদ শাহজাহান বলেন, ২০১৩ সালে নিজ উদ্যোগে জামা বিতরণ শুরু। এবার সহকর্মী, সহপাঠী, বিশ্ববিদ্যালয়ের অগ্রজসহ মোট ২৩ জন এগিয়ে এসেছেন। লাল পিরানের মধুর হাসির পক্ষ থেকে এবার ২১ জুন থেকে জামা বিতরণ শুরু করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ঈদের জামা পেয়েছে দেড় শতাধিক শিশু। ঈদের জামা দেওয়ার ক্ষেত্রে লাল পিরান একটু ভিন্ন। তারা সুবিধাবঞ্চিত শিশুদের দুটি নির্দিষ্ট দোকানে নিয়ে যায়। তারপর শিশুরা যে পোশাক পছন্দ করে, সেটাই কিনে দেওয়া হয়। ঈদের দিনে আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলো যেন মিষ্টিমুখ করতে পারে, সে জন্য চাঁদরাতে সেমাই, চিনি, দুধ, বাদাম ও কিশমিশ ভর্তি একটি ব্যাগ শ খানেক পরিবারের মধ্যে বিতরণ করবেন এই গ্রুপের সদস্যরা।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ ‘সেভ দ্য স্মাইল’ নামের একটি অলাভজনক সংগঠনের সঙ্গে গতকাল শুক্রবার সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে জামাকাপড় বিতরণ করেন। সেভ দ্য স্মাইল একটি অলাভজনক সংগঠন।
নিজের ফেসবুক ফ্যান পেজে একটি ভিডিও বার্তায় তাসকিন বলেন, ‘ঈদ উপলক্ষে আমাদের প্রিয়জনদের জন্য অনেক কেনাকাটা করে থাকি বা উপহার দিয়ে থাকি। কিন্তু আমাদের আশপাশে অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে, যাদের নতুন জামাকাপড় বা উপহার দেওয়ার কেউ নাই। এবার সিদ্ধান্ত নিয়েছি, তাদের মুখে হাসি ফোঁটানোর জন্য, তাদের জামাকাপড় বিতরণের জন্য আমি পাশে থাকব।’
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রচেষ্টা ফাউন্ডেশন’। সুবিধাবঞ্চিত ১৫০ জন শিশুর মধ্যে ঈদের নতুন জামা, সেমাই, চিনি, মেহেদি ও খেলনা বিতরণ করেছে এ সংগঠনটি। তেজগাঁও রেলস্টেশন বাউলবাগ, বেগুনবাড়ি ও হাতিরঝিল এলাকার সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী কয়েকজন বন্ধু মিলে ‘রোজায় পথশিশুদের পাশে দাঁড়াই’ নামের একটি ইভেন্ট খুলে বন্ধুবান্ধবদের কাছ থেকে টাকা তোলেন। সেই টাকা দিয়ে ২০০ জন শিশুকে জামা, ইফতার দেওয়া হয়।
ফেসবুক গ্রুপ ‘মানবিক’ অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম ও ঢাকায় ঈদের পোশাক দেওয়া হয়। গতকাল শুক্রবার মিরপুরের রূপনগর এলাকায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামা দেয় সংগঠনটি।
টঙ্গী এলাকায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব টঙ্গী (ডিইউএসএটি) ২০১৪ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের পোশাক ও সেমাই বিতরণ করছে। ২ থেকে ১২ বছর বয়সী ছেলেদের পাঞ্জাবি-পায়জামা ও মেয়েদের ফ্রক দেয় ডিইউএসএটি। ২০১৫ সালে ৯৪ শিশুকে ঈদের জামা
দেওয়া হয়েছিল। এবার ১২৪ জন শিশুকে নতুন পোশাক দিচ্ছে ডিইউএসএটি।
মজার ইশকুল প্রতিবারের মতো এবারও তাদের শিক্ষার্থীদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করেছে। কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল, আগারগাঁও বস্তি এবং মালিবাগসহ বেশ কয়েকটি জায়গায় জামা বিতরণ করেছে মজার ইশকুল।
সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুল বিক্রেতা ও দোকানের সহকারীসহ ৭০ জন সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের জামা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির সদস্যরা।
নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে গরিব ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার ও জামাকাপড় বিতরণ করা হয়েছে।