ভাগাড় হিসেবে রাস্তা ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তাটি দুই লেনবিশিষ্ট। কিন্তু সব সময় এর একটি লেন দিয়েই যানবাহন চলে। কারণ অপর লেনটি ভাগাড় (ডাস্টবিন) হিসেবে ব্যবহূত হচ্ছে!রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের পশ্চিম পাশে পরিবাগ সংযোগ সড়কের এমনই বেহাল দশা। ওই রাস্তার আনুষ্ঠানিক নাম ময়মনসিংহ লিংক রোড (নতুন) হলেও এলাকাবাসী একে নালিরপাড় হিসেবে চেনেন। তাঁরা বলেন, বছরের পর বছর ধরে ওই রাস্তার একটি লেনে ময়লা-আবর্জনা স্তূপ হয়ে পড়ে থাকে। এ জন্য যানবাহনগুলোকে বাধ্য হয়ে অন্য লেনটি দিয়েই চলাচল করতে হয়।আজিজ সুপার মার্কেটের ব্যবসায়ী মো. বিপ্লব মল্লিক জানান, এক বছর ধরে তিনি ওই রাস্তার এমনই বেহাল দশা দেখছেন। কয়েক দিন পর পর সিটি করপোরেশনের গাড়ি এসে ময়লা তুলে নিয়ে যায়। কিন্তু দু-এক দিনের মধ্যে রাস্তাটি আবার আগের চেহারা ফিরে পায়। মাঝে মধ্যে আবর্জনা জমে উঁচু পাহাড়ের মতো হয়ে যায়।গত সোমবার দুপুরে ওই রাস্তায় গিয়ে দেখা যায়, রাস্তাটির শাহবাগমুখী অংশে ময়লা-আবর্জনা জমে ডাঁই হয়ে আছে। বৃষ্টির পানিতে আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। পাশের লেন দিয়ে যাত্রীরা নাক চেপে যাতায়াত করছে। অসংখ্য কাক আবর্জনার স্তূপের ওপর ওড়াউড়ি করছে। কিছু আবর্জনা বৃষ্টির পানিতে ভেসে রাস্তার অন্য লেনেও এসে পড়েছে।উত্তর-দক্ষিণমুখী এ রাস্তাটির পূর্ব পাশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তাদের সরকারি আবাসিক এলাকা। সেখানকার নিরাপত্তারক্ষী এনামুল হক বলেন, কয়েক বছর ধরে এ রাস্তায় আবর্জনা স্তূপ হয়ে পড়ে থাকে। এ জন্য রাস্তার একটি লেন কখনোই ব্যবহার করা যায় না।ওই আবাসিক এলাকার পাশে অগ্রণী ব্যাংকের গাড়ি রাখার জায়গা (গ্যারেজ)। সেখানকার নিরাপত্তারক্ষী মো. রুস্তম আলী বলেন, সাত-আট মাস আগে সিটি করপোরেশনের লোকজন এসে ওই রাস্তা পুরোটা পরিষ্কার করেছিলেন। কিন্তু কয়েক দিন পর রাস্তাটি আবার নোংরা-আবর্জনায় ভর্তি হয়ে গেছে।এলাকাবাসী অভিযোগ করেন, আজিজ সুপার মার্কেট, পরিবাগের বিভিন্ন বাসাবাড়ি এবং সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) ময়লা-আবর্জনা এনে এখানে ফেলা হয়। রাস্তার পাশে একটি ডাস্টবিন ছিল, সেটি ভেঙে গেছে। এ জন্য রাস্তার একটি অংশই ডাস্টবিনে পরিণত হয়েছে। রাস্তাটি পরিষ্কার করে চালু রাখার কার্যকর উদ্যোগ সিটি করপোরেশনের নেই। কয়েক দিন পর পর সিটি করপোরেশনের গাড়ি এসে আবর্জনা তুলে নিয়ে যায়। স্থায়ীভাবে এটি পরিষ্কার করার জন্য সিটি করপোরেশনকে বলা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।আজিজ সুপার মার্কেটের ওপরে রয়েছে বেশ কিছু আবাসিক ফ্ল্যাট। এর একটি ফ্ল্যাটের বাসিন্দা মো. শামসুদ্দোহা বলেন, ‘ময়লা-আবর্জনার দুর্গন্ধে রাস্তায় হাঁটা যায় না। বৃষ্টির সময় অবস্থা আরও খারাপ হয়। তখন রাস্তার অপর লেনটিও আবর্জনায় ভরে যায়। কিন্তু কখনো এই আবর্জনা পরিষ্কার করতে দেখিনি।’জানতে চাইলে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ কুদরত উল্লাহ ওই রাস্তার বেহাল দশার কথা স্বীকার করে গতকাল প্রথম আলোকে বলেন, রাস্তার অবস্থা আগে এমন ছিল না। কিন্তু কিছুদিন ধরে পাশের বিএসএমএমইউ হাসপাতালের ময়লা-আবর্জনা রাস্তার ওপর ফেলা হচ্ছে। এ জন্য সিটি করপোরেশন রাস্তাটি ঠিক রাখতে পারছে না। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি জানান।