ভাঙচুর-আতঙ্কে বাস চলাচল কম ঘরমুখো মানুষের দুর্ভোগ চরমে
হরতালের আগের দিন বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল মঙ্গলবার রাজধানীতে পরিবহন সংকট দেখা দেয়। ভাঙচুর আতঙ্কে বিকেল থেকেই বাস চলাচল কমিয়ে দেন মালিকেরা। ফলে ঘরমুখো মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। যানবাহন সংকটে দিশেহারা হয়ে অনেককে বাসের ছাদে চড়তেও দেখা গেছে। বিকেল পাঁচটার দিকে ফার্মগেট এলাকায় গিয়ে দেখা গেছে, কয়েক শ যাত্রী ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য দাঁড়িয়ে আছেন।গতকাল বিকেল চারটার দিকে শাহবাগ মোড়ের পশ্চিম পাশের সড়ক ধরে পিজি হাসপাতাল পর্যন্ত প্রায় সারিবদ্ধভাবে বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন শ দেড়েক লোক। শুধু শাহবাগ নয়, রাজধানীর ফার্মগেট, প্রেসক্লাব, সোনারগাঁও মোড়, বাংলামোটর মোড়, মগবাজার মোড়, জিরো পয়েন্ট, পল্টন মোড়সহ বেশ কিছু জায়গা ঘুরে যাত্রীদের দুর্ভোগের চিত্র পাওয়া গেছে। জিরো পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশ আজাদ হোসেন প্রথম আলোকে বলেন, দুপুরের পর থেকেই বাস কমে গেছে। বাসের জন্য অপেক্ষমাণ সব যাত্রী রাস্তায় নেমে এসেছেন। ফলে যানবাহন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে গেছে। গাজীপুরের শিববাড়ি যাওয়ার জন্য ঢাকা পরিবহনের টিকিট কেটে ফার্মগেটে আড়াই ঘণ্টা লাইনে দাঁড়িয়েও বাসে উঠতে পারেননি আবদুল মোতালেব। তিনি বলেন, ‘লাইনে দাঁড়িয়েছি ২০০ জন। আধা ঘণ্টা পরপর যাত্রী ঠেসে ভরে একেকটা বাস আসে। তখন দু-তিনজন যাত্রী দরজার হাতল ধরে ঝোলার সুযোগ পান। অন্যরা হাঁ করে তাকিয়ে থাকেন।’ সন্ধ্যা ছয়টার দিকে ফার্মগেটে বেলাল এন্টারপ্রাইজের কাউন্টারে টিকিট বিক্রিই বন্ধ করে দেন দায়িত্বরত কর্মী। টিকিট বিক্রেতা বলেন, প্রেসক্লাব ও শাহবাগ থেকেই বাস ভরে যায়। এখান থেকে যাত্রী উঠতে পারে না। শুধু শুধু টিকিট বিক্রি করে লাভ কী? টিকিট বিক্রেতার সঙ্গে এই প্রতিবেদক কথা বলার সময় চারদিকে যাত্রী ঘিরে ছিল। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের ফার্মগেট কাউন্টারে সাভার ও ধামরাইয়ের টিকিটের জন্য অনেক যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। টিকিট বিক্রেতা খলিলুর রহমান বলেন, সন্ধ্যা ছয়টার পর আর বাস চলবে না। সাভারে যাওয়ার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন আবদুল মোতালেব। তিনি বলেন, ‘বাস না পেলে এত দূর যাব কীভাবে। হেঁটে যাওয়ারও জো নেই।’ফার্মগেটে বাসের জন্য অপেক্ষায় থাকা বাংলাদেশ টেলিকমিনিকেশন্স কোম্পানির কর্মী মাহমুদা বেগম বলেন, টিকিট কাউন্টার থেকে বলে দেওয়া হয়েছে মেয়েদের কাছে টিকিট বিক্রি করা যাবে না। কারণ, মেয়েরা ঠেলাঠেলি করে বাসে উঠতে পারে না। শুধু শুধু বিক্রি করে লাভ কী? যাত্রীদের এমন দুর্ভোগের দিনে সিএনজি অটোরিকশা চালকেরা হাঁকিয়েছেন দ্বিগুণ ভাড়া। শাহবাগের মোড়ে বাসের জন্য প্রায় এক ঘণ্টা ধরে অপেক্ষা করেন শফিকুল ইসলাম। তিনি বলেন, বাস না পেয়ে অটোরিকশা খুঁজেছেন। ১৮০ থেকে ২০০ টাকা ভাড়া হাঁকানোর কারণে আর সাহস পাননি। ইডেন কলেজের ছাত্রী সাদিয়া আফরিন প্রায় দেড় ঘণ্টা শাহবাগ মোড়ে দাঁড়িয়ে থেকেও মিরপুরের বাসে চড়তে পারেননি। তিনি বলেন, স্বাভাবিক সময়ে ১০-১৫ মিনিটের মধ্যে বাস পাওয়া যেত। কিন্তু আজ (গতকাল) বাস ও অটোরিকশা কোনোটাই পাওয়া যাচ্ছে না। প্রেসক্লাবের সামনে হানিফ ও বোরাক পরিবহনের টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় বিকেলেই। বাসের অপেক্ষায় থাকা মাসুদ রানা বলেন, সুপার পরিবহনের টিকিট কেটে দুই ঘণ্টা দাঁড়িয়ে আছেন। কিন্তু বাস আসে না। মগবাজার মোড়ে কবীর হোসেন জানান, তিনি প্রায় আধা ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছেন।শাহবাগে বাসের শ্রমিক জাকির হোসেন বলেন, হরতালের আগের দিন বাস ভাঙচুর ও আগুন ধরানোর ঘটনা ঘটে। এ কারণে বাসের মালিকেরা কম বাস নামিয়েছেন। তিনি নিজেও অনেকটা ঝুঁকি নিয়ে সড়কে নেমেছেন। সন্ধ্যার পর বন্ধ হয়ে যাবে বলেও তিনি জানান। রাজধানী পরিবহনের কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, সকালে তাঁদের ২৫টি বাস নামে। ভাঙচুরের খবর পেয়ে ১০টি বাস বন্ধ করে দিয়েছেন। সন্ধ্যার পর আরও কমে যাবে।মিডওয়ে পরিবহনের টিকিট বিক্রেতা আমীর হোসেন জানান, তাঁদের পরিবহনের গাড়ি চললেও যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। যেকোনো সময় ‘লাস্ট ট্রিপ’ বলে ঘোষণা আসতে পারে।