ভাঙনের মুখে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙনের মুখে পড়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)। অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে সমিতির সাধারণ সম্পাদক মো. ইনছান আলীকে অব্যাহতি দেওয়ার পর তিনি সমিতির জরুরি সভা ডেকেছেন। তবে সমিতির সভাপতি বলেছেন, অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদকের সভা ডাকার ক্ষমতা নেই।গত ২৭ জুন সমিতির সভাপতি মো. সামসুল হকের সই করা এক পত্রে ইনছান আলীকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। আর্থিক অনিয়ম, শৃঙ্খলাভঙ্গ ও সমিতির ভাবমূর্তি নষ্ট করার অপরাধে তাঁকে অব্যাহতি দেওয়া হয় বলে সমিতির বিজ্ঞপ্তিতে জানানো হয়।এ বিষয়ে ইনছান আলী প্রথম আলোকে বলেন, ‘সামসুল হক অবসরে গেছেন। এ অবস্থায় তিনি আর সভাপতি থাকতে পারেন না। আমরা দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি চাই। কিন্তু সামসুল হক আরও ক্ষমতায় থাকতে চান। এ জন্য অব্যাহতি দিয়ে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।’ ইনছান আলী জানান, সমিতির পরবর্তী করণীয় ঠিক করতে ৬ জুলাই সকাল ১০টায় ধানমন্ডির গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে কেন্দ্রীয় ও অঞ্চল কমিটির জরুরি যৌথ সভা আহ্বান করা হয়েছে। এ সভায় সমিতির নির্বাচনের তারিখ বা অবসরে যাওয়ায় সভাপতির জায়গায় নিয়মানুযায়ী আর কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে সামসুল হক প্রথম আলোকে বলেন, তাঁর (ইনছান আলী) সভা ডাকার ক্ষমতা নেই। ইতিমধ্যে সমিতির প্রথম যুগ্ম সম্পাদককে সাময়িকভাবে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। আর গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্বে থাকা অবস্থায় কেউ অবসরে গেলে কমিটির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দায়িত্বে থাকতে পারেন। বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী অক্টোবর মাসে।