
মিরপুর ১ নম্বর সেকশনের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে গড়ে ওঠা ঘরবাড়ির বাসিন্দারা যাতায়াতের জন্য দেয়াল ভেঙে চলার সহজ পথ বানিয়েছে। এতে কবরস্থানের নিরাপত্তা হুমকিতে পড়েছে। কবরস্থানের ভেতরে বসছে মাদকের আড্ডা। অপরিচ্ছন্ন কবরস্থানের ভেতরে চরে বেড়াচ্ছে গরু-ছাগল।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, কবরস্থানের দিয়াবাড়ি নতুন সড়কের পাশে সীমানাদেয়াল ভাঙা। কবরস্থানের ভেতরে গড়ে উঠেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের কলোনি। এই কলোনির বাসিন্দারা গোলারটেক ও মিরপুর-১ নম্বরে যাতায়াতের জন্য দেয়াল ভেঙে এই চলার পথ বানিয়েছে। ভাঙা অংশ দিয়ে লোকজন অবাধে যাতায়াত করছে।
স্থানীয় বাসিন্দা রশীদ চৌধুরী বলেন, কবরস্থানের ভেতরে ডিএনসিসির কর্মচারীরা ঘর তুলেছেন। নিজেদের যেখানে দরকার সেখানেই দেয়াল ভেঙে ফেলছেন। এই সুযোগে দিনের বেলায়ও এই এলাকায় মাদকের আড্ডা বসে। মাদকসেবীদের কারণে সন্ধ্যার পরে কবরস্থানের আশপাশ দিয়ে চলার উপায় থাকে না।
কবরস্থানের ভেতরে রয়েছে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কলোনি। দেখা যায়, কবরস্থানের পাশেই কলোনির ঘর। শত শত
টিনের ঘরের পাশাপাশি পাকা ঘরও রয়েছে। কলোনিতে ঢোকার মুখেই নতুন দোকানঘর তোলার কাজ চলছে। কলোনিতে বৈদ্যুতিক সংযোগ দিতে ঝুঁকিপূর্ণভাবে বাঁশের খুঁটিতে তার টানানো হয়েছে।
কবরস্থানের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, শুরুর দিকে কলোনিতে প্রায় ৩০০ ঘর ছিল। দিনে দিনে ঘর বেড়েই চলেছে। তাঁরা কবরের পাশেও ঘর তুলেছেন। একেকজন একাধিক ঘর তুলে রীতিমতো ব্যবসা করছেন। তাঁরাই কবরস্থানের দেয়াল ভেঙে ফেলেছেন।
কবরস্থানের জ্যেষ্ঠ মোহরার মো. সানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, দেয়ালের কয়েক জায়গায় ভাঙা। দেয়াল কিছুটা হেলেও পড়েছে। কবরস্থানের নিরাপত্তায় ইতিমধ্যে সিটি করপোরেশনে দেয়াল ঠিক করার জন্য নোট পাঠানো হয়েছে। কয়েক দিন আগে দেয়াল মেপে নেওয়া হয়েছে।
ডিএনসিসির তথ্য অনুযায়ী, কবরস্থানের জায়গায় করা হয়েছে গোলারটেক ঈদগাহ মাঠ, বর্ধনবাড়ি জামে মসজিদ ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। মুক্তিযোদ্ধাদের জন্য রয়েছে একটি বিশেষ কবরস্থান। ২০০৭ সালে এই কবরস্থানের প্রায় ২৩ একর জায়গা নতুন করে যুক্ত করা হয়।
গতকাল দেখা যায়, কবরস্থানের ভেতরে ও চারপাশের অবস্থাও বেহাল। ভেতরে গরু-ছাগল চরে বেড়াচ্ছে। ইটের দেয়াল কিংবা বাঁশের বেড়ার ফাঁক দিয়ে ঢুকে কবরের ওপর অবাধে ঘুরে বেড়াচ্ছে একাধিক ছাগল। কবরের ওপর থেকে ঘাস টেনে নিয়ে খাচ্ছে। এলাকার লোকজনের ফেলা ময়লা-আবর্জনা কবরস্থানের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে আছে।
কলোনির অন্তত পাঁচজন বাসিন্দা অভিযোগ করেন, সন্ধ্যা হলেই কবরস্থানে মাদকসেবীদের আড্ডা বেড়ে যায়। ইদানীং দিনের বেলায়ও কবরস্থানে মাদকসেবীরা আড্ডা দেয়। তাঁরা বলেন, চারপাশে মজবুত দেয়াল থাকলে মাদকসেবীরা কবরস্থানে ঢুকতে পারবে না। কবরস্থানের ভেতরে লোকজনের চলাচলও নিয়ন্ত্রিত হবে।
এ বিষয়ে ডিএনসিসির সমাজকল্যাণ কর্মকর্তা হুমায়ুন কবীর খান প্রথম আলোকে বলেন, কবরস্থানের দেয়াল সংস্কারের বিষয়ে দাপ্তরিক কাজ চলছে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিষয়টির নোট পাঠানো হয়েছে। সব প্রক্রিয়া শেষ হলেই কবরস্থানের চারপাশে নতুন দেয়াল তোলা হবে।