
২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি। বাসযোগে ঢাকা থেকে মাদারীপুরের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন শাহ আলম। ফরিদপুর পার হওয়ার পরে কী ঘটেছে, তাঁর মনে নেই। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যায়।
২৯ বছরের শাহ আলম এভাবেই নিজের দুর্ঘটনার বর্ণনা দেন। যে দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে গেছে। ক্রাচে ভর দিয়ে তাঁকে হাঁটাচলা করতে হয়।
কেরানীগঞ্জের চুনকুটিয়ায় কাঁচামালের ব্যবসা করতেন শাহ আলম। আয়-বাণিজ্য খুব ভালো না থাকলেও সংসার চলছিল। কিন্তু দুর্ঘটনায় পাল্টে যায় শাহ আলমের জীবনের গল্প। তিনি এখন রিকশা চালান।
সম্প্রতি শাহ আলমের সঙ্গে দেখা হয় ইডেন মহিলা কলেজের সামনে। লালবাগের কাউন্সিলরের কার্যালয় চেনেন কি না জানতে চাইলে হেসে বলেন, ‘উইঠা বসেন আপা।’ এরপর গন্তব্যে পৌঁছা অবধি চলে কথাবার্তা।
শাহ আলম জানান, দুর্ঘটনার পর দীর্ঘ আট মাস হাসপাতালে ছিলেন তিনি। এখন তাঁকে চলতে হয় ক্রাচে ভর দিয়ে।
শাহ আলমের সংসারে ৬৫ বছর বয়সী মা, স্ত্রী আর এক কন্যা। আর সংসারের আয়ের একমাত্র উৎস তিনি।
দুর্ঘটনায় কর্মক্ষমতা হারানোর পর অনেকটা দিশেহারা হয়ে যান শাহ আলম। মাদ্রাসা থেকে আলিম পাস করা শাহ আলম কিছুতেই অন্যের কাছে হাত পাতবেন না। পরে এক প্রতিবেশীর পরামর্শে তিনি ব্যাটারিচালিত রিকশা চালানো শুরু করেন।
‘ব্যাটারিচালিত রিকশা হলেও দীর্ঘক্ষণ পা ঝুলিয়ে রাখতে হয়। এ কারণে পা ব্যথায় টনটন করে। রাতে ঘুমাতে পারেন না, মাথা ঘোরে। তবু পরের দিন আবার রিকশা নিয়ে ছুটতে হয়।’ বললেন শাহ আলম।
রিকশা চালিয়ে দিনে সাত–আট শ টাকা পান শাহ আলম। এর মধ্যে রিকশার মালিককে জমা দিতে হয় তিন শ টাকা। বাকি টাকায় সংসার চলে।
ক্রাচে ভর দিয়ে চলা শাহ আলমের চোখে অনেক স্বপ্ন। টাকা জমিয়ে মুদির দোকান দেবেন। মেয়েকে পড়াবেন বিশ্ববিদ্যালয়ে।