ভাঙা রাস্তার ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার সকাল সাড়ে ১০টা। গৃহিণী রাফিয়া আহমেদ ধানমন্ডি থেকে সন্তানকে স্কুলে পৌঁছে দিতে রিকশায় করে আজিমপুর যাচ্ছেন। কিন্তু ২০ মিনিট ধরে তিনি চন্দ্রিমা সুপার মার্কেট ভবনের পাশে যানজটে বসে আছেন। বললেন, সামনে রাস্তা ভাঙা থাকায় এটা এখন রোজকার সমস্যা। নিউমার্কেট পোস্ট অফিস পর্যন্ত রাস্তাটুকু পার হতে তাঁর প্রায় দিনই আধা ঘণ্টা সময় লাগে বলে জানালেন রাফিয়া।

নিউমার্কেট পোস্ট অফিস থেকে চন্দ্রিমা মার্কেটের দূরত্ব হাটা পথে পাঁচ মিনিটের বেশি নয়। কিন্তু এ রাস্তাটুকু রিকশায় পার হতেই এখন সময় লাগছে আধা ঘণ্টার বেশি। নিউমার্কেট ও চন্দ্রিমা মার্কেটের মধ্যের এ রাস্তাটি ভাঙা থাকায় মার্কেটের ক্রেতা এবং এ পথের যাত্রীরা যেমন ভোগান্তির মুখে পড়ছেন, তেমনি ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

গত শনিবার সরেজমিনে দেখা যায়, নিউমার্কেট কাঁচাবাজারের পাশের এই রাস্তাটি জায়গায় জায়গায় ভাঙা। ভাঙা অংশে বৃষ্টির পানি ও কাদা জমে আছে। চন্দ্রিমা মার্কেট থেকে নিউমার্কেট পোস্ট অফিস পর্যন্ত অন্তত ২২টি ড্রেনেজ লাইনের গর্ত চোখে পড়ে, যেগুলোর ওপর কোনো ঢাকনা নেই। গর্তের অংশটুকু বাদ দিয়ে বাকি সংকীর্ণ-ভাঙা রাস্তায় রিকশা আর গাড়িগুলো হেলেদুলে ধীরে ধীরে চলছে। উল্টো দিক থেকে কোনো যানবাহন এলেই জট লেগে যাচ্ছে।

নিউমার্কেট ও চন্দ্রিমা মার্কেটের ব্যবসায়ীরা জানান, গত মে মাসে এলাকার পয়োব্যবস্থা উন্নয়নের পাইপ বসানোর কাজ শুরু হয়। তখন থেকেই রাস্তাটি ভাঙা। জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী মুন্সী মোহাম্মদ আবুল হাসেম বলেন, ‘ড্রেনেজ লাইনের পাইপ বসানোর জন্য রাস্তাটি খোঁড়া হয়েছিল। তবে রাস্তা অতটা ভাঙা নয়। রিকশা-গাড়ি তো চলছে।’

রাস্তাসংলগ্ন মুদিদোকানের মালিক মাইনুদ্দিন বলেন, ‘এত বড় বড় গর্ত। এমন দিন নাই যে একটা রিকশা-গাড়ি পড়ে না। ঈদের দুই দিন আগে কিছু সুরকি ভরছে, নাইলে পুরা রোজা কেয়ামত গেছে।’

এ রাস্তায় নিয়মিত যাতায়াতকারী এনাম হোসেন বলেন, ভাঙা রাস্তা আর গর্তের জন্য গাড়িগুলোকে এক লাইনে চলতে হয়। গর্তের জন্য পার্কিংয়ের গাড়িগুলোও মূল রাস্তায় চলে আসে। এসব কারণে যানজট লেগেই থাকে।

রাস্তা খারাপ থাকায় সরাসরি ব্যবসায় প্রভাব পড়ছে বলে জানিয়েছেন নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা। চন্দ্রিমা মার্কেটে দোকানের মালিক মো. নূর ইসলাম বলেন, রাস্তার কারণে এই রমজানে মার্কেটে লোকজন কম এসেছে। তাই তাঁদের ব্যবসাও খুব খারাপ গেছে।

মুদিদোকানের কর্মচারী মো. মামুন বলেন, ‘এই মার্কেটে এখন আর মানুষ আসে না। রাস্তার এই অবস্থা দেইখা গাড়িওয়ালা কাস্টমাররা রোজায় সব ফেরত গেছে।’

এ রাস্তাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের অধীন। ওয়ার্ড কাউন্সিলর জসীম উদ্দীন আহমেদ বলেন, ‘রাস্তা মেরামতের বাজেট আসতে একটু দেরি হয়েছে। তাড়াতাড়িই রাস্তার কাজ শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে।’