ভাঙাচোরা রাস্তা আর যানজট এলাকাবাসীর দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাসাবো টেম্পোস্ট্যান্ড থেকে মাদারটেক হয়ে নন্দীপাড়া বাজার পর্যন্ত এক কিলোমিটার রাস্তা। রিকশায় ওইটুকু যেতে সময় লাগে প্রায় এক ঘণ্টা। কখনো আরও বেশি। যানজট লেগে থাকে সব সময়। এর বড় কারণ, রাস্তাটি খানাখন্দে ভরা।ভাঙাচোরা রাস্তাটির কারণে এলাকাবাসীর শুধু যে দুর্ভোগ বেড়েছে, তা নয়; বেড়েছে যাতায়াত খরচও। এখন তাঁদের দ্বিগুণ রিকশা ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হয়। রিকশাচালকদের যুক্তি, রাস্তা ভাঙাচোরা, তার ওপর যানজট; এ কারণে ভাড়া বেশি।টেম্পোস্ট্যান্ড থেকে সামনের দিকে কিছুদূর গিয়ে দেখা যায় ভাঙাচোরা রাস্তা শুরু। রাস্তার মাঝখানে বড় বড় গর্ত। কয়েক দিনের বৃষ্টিতে সেই গর্তগুলোতে পানি জমে দুর্ভোগ আরও বেড়েছে। যে কারণে রিকশা বা অন্য যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। ফলে লেগে থাকে যানজট।গতকাল বুধবার মোটরসাইকেলে চড়ে ওই রাস্তাটি পার হয়ে এসে স্থানীয় যুবক নূর মোহাম্মদ বলছিলেন, যেন সাতসমুদ্র পাড়ি দিয়ে এলেন। তাঁর ভাষায়, ‘রাস্তার মাঝখানে কয়েকটি পুকুর হয়ে গেছে। রাস্তাটি সহসা মেরামত করা না হলে সেগুলো হয়তো দীঘি হয়ে যাবে।’সিএনজিচালিত অটোরিকশার চালক মিসির আলী বলেন, দীর্ঘদিন থেকে রাস্তাটির এই দুরবস্থা। কুমিল্লায় তাঁর গ্রামের বাড়ির রাস্তাগুলোও এর চেয়ে ভালো। অথচ ঢাকা শহরের এ রাস্তাটির বেহাল দশা। কিন্তু কেউ কোনো কিছু করে না। রাস্তাটি ঠিক করারও উদ্যোগ নেয় না।এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচ-ছয় বছর ধরে রাস্তাটির এ অবস্থা। এখন বর্ষায় রাস্তা আরও ভাঙছে। গর্তগুলোও বড় হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ তা মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছে না।এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ডেমরা এলাকার অনেক লোকজন এখন যাতায়াতের জন্য রাস্তাটি ব্যবহার করেন। যাঁরা ঢাকা থেকে কুমিল্লা বা চট্টগ্রামের দিকে যান, তাঁরাও রাস্তাটি ব্যবহার করেন। যে কারণে রাস্তাটির ওপর চাপ বাড়ছে। এ ছাড়া ওই এলাকার আমুলিয়া, স্টাফ কোয়ার্টার, সারুলিয়া, নন্দীপাড়া, মাদারটেক, কায়েতপাড়াসহ আশপাশের লোকজন চলাচলের জন্য রাস্তাটি ব্যবহার করেন। দিন যত যাচ্ছে, রাস্তাটির ওপর চাপ ততই বাড়ছে। ফলে এলাকার কয়েক হাজার মানুষকে এ রাস্তাটির জন্য নিত্যদুর্ভোগ পোহাতে হচ্ছে।নন্দীপাড়া বাজারের মুদি দোকানি জাকের হোসেন প্রথম আলোকে বলেন, সকাল নয়টার আগে তাঁদের দোকানের মালামাল নিয়ে আসতে হয়। একটু দেরি হলেই জ্যামে আটকে থাকতে হয়। রাস্তা খারাপ হওয়ায় রিকশায় আগের মতো বেশি মালামাল নেওয়া যায় না। কিন্তু ভাড়া দিতে হয় বেশি। আগে ২০ টাকা দিয়ে তাঁর দোকান পর্যন্ত যাওয়া যেত। এখন সেখানে তাঁকে ৩৫ থেকে ৪০ টাকা ভাড়া দিতে হয়। এলাকাবাসীর এই দুর্ভোগের কথা স্বীকার করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজও শুরু হয়েছিল। কিন্তু টানা বর্ষণের কারণে আপাতত কাজ বন্ধ আছে। আবহাওয়ার একটু উন্নতি হলে আবার কাজ শুরু হবে।