ভাঙা-গড়ার খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ আগস্ট ২০১৭ : দুই মাসের ভোগান্তি শেষে তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের এই ফুটপাত ঢালাই করা হয়। নালার ওপর বসানো হয় ঢাকনা
১ আগস্ট ২০১৭ : দুই মাসের ভোগান্তি শেষে তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের এই ফুটপাত ঢালাই করা হয়। নালার ওপর বসানো হয় ঢাকনা

দুই মাস কেটে ফেলে রাখা হয়েছিল ফার্মগেটের ফুটপাত। অনেক ভোগান্তি শেষে গত মাসে (আগস্ট) সেই ফুটপাতে ঢালাই দেওয়া হয়। নালার ওপর বসানো হয়েছে ঢাকনা। কিন্তু মাস না ঘুরতেই সেই ফুটপাতের একটা অংশ এখন কাটা হচ্ছে। কারণ পদচারী-সেতু তৈরি করতে হবে। এই তুঘলকি কাজ ঢাকা উত্তর সিটি করপোরেশনের।

ফার্মগেট থেকে সোনারগাঁও হোটেলমুখী রাস্তার দুই পাশে এই ফুটপাত। তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে পদচারী-সেতু বানাতে তিনটি বড় গর্ত তৈরি করা হয়েছে রাস্তার পূর্ব পাশে। পশ্চিম পাশের ফুটপাত একইভাবে কাটতে হবে। ওই ফুটপাতে ইতিমধ্যে টাইলসও বসানো হয়ে গেছে। 

এই জায়গায় আগে একটি পদচারী-সেতু ছিল। বছরখানেক আগে তা সরিয়ে ফেলা হয়। নতুন পদচারী-সেতু নির্মাণের কাজ পেয়েছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ)। গতকাল কাজের জায়গায় গিয়ে কথা হয় একজন তত্ত্বাবধায়কের সঙ্গে। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আগের পদচারী-সেতুটির ঢালাই নষ্ট হয়ে যাওয়ায় ভেঙে ফেলতে হয়েছিল। এখন এখানে আমরা কাজ করছি। সিটি করপোরেশনের কেন্দ্রীয় অফিস থেকে দেখভাল করা হচ্ছে। এ কাজ এক মাস আগে শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টি ও ঈদের বন্ধ থাকায় কাজ দেরি করে শুরু হয়েছে।’

৩০ সেপ্টেম্বর ২০১৭ : মাসখানেক আগে ঢালাই দেওয়া ফুটপাত এখন কাটা হচ্ছে। এ জায়গায় নির্মাণ করা হচ্ছে নতুন পদচারী–সেতু। গতকাল দুপুরে তোলা ছবি l নাসরিন আক্‌তার
৩০ সেপ্টেম্বর ২০১৭ : মাসখানেক আগে ঢালাই দেওয়া ফুটপাত এখন কাটা হচ্ছে। এ জায়গায় নির্মাণ করা হচ্ছে নতুন পদচারী–সেতু। গতকাল দুপুরে তোলা ছবি l নাসরিন আক্‌তার

কাজ এক মাস দেরি করে শুরু করায় মাত্র কদিন আগে করা ফুটপাতের ঢালাই এখন কাটতে হচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এই তত্ত্বাবধায়ক বলেন, ‘ব্রিজ বসানোর অংশের কাজ বাদ দিয়ে বাকি ফুটপাত করা যেত। পশ্চিম অংশের ফুটপাতে টাইলস বসানো হয়েছে। আমরা টাইলস বসাতে মানা করেছিলাম। এখন তা কাটা পড়বে।’ তিনি আরও বলেন, ‘পদচারী-সেতুর কাজ শেষ হলে আমরা আবার ফুটপাত ঢালাই দিয়ে ঠিক করে দেব।’

নতুন করা ফুটপাত কাটার বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল ৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান বলেন, ‘ফার্মগেটের পদচারী-সেতুর বিষয়টি আমার নলেজে (জানা) নাই। এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলতে পারেন।’ 

ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলাম বলেন, ‘সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড) বিএমটিএফ ফুটওভার ব্রিজটির কাজ করছে। সিটি করপোরেশনের কাছে থাকলে সমন্বয়ের এ সমস্যা হতো না।’

ব্রিগেডিয়ার সাঈদ দাবি করেন, ‘ফুটপাত করার সময় একই সঙ্গে পদচারী-সেতুর কাজ করা যেত না। ফুটপাতের কাজের টেন্ডার হয়েছে আগে। ফুটওভার ব্রিজের টেন্ডার হয়েছে পরে। তবে ফুটওভার ব্রিজের জায়গাটা গ্যাপ রেখে ফুটপাত তৈরি করা যেত। বিএমটিএফ কবে কাজ শুরু করবে তা ঠিকমতো জানা ছিল না বলে আমরা এই গ্যাপ রাখিনি।’ এ ধরনের  সমন্বয়হীনতার কারণে জনগণের অর্থের অপচয় হয় বলেও স্বীকার করেন এই কর্মকর্তা।

জেড টাইপের (দুই দিকে নামা-ওঠার সিঁড়িযুক্ত) এ পদচারী-সেতুর কাজ আগামী ডিসেম্বর নাগাদ শেষ হবে বলে জানা গেছে।