ভাটারায় দেয়ালচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ভাটারায় দেয়ালচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ভাটারার ছোলমাইদ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত শ্রমিকের নাম মো. সবুজ (৩০)।
পুলিশ জানায়, পাইলিং করার জন্য কয়েকজন শ্রমিক মাটি কাটছিলেন। এ সময় পুরোনো সীমানাদেয়াল ধসে পড়লে সবুজ গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শ্রমিকেরা কাজ করার সময় ছয় ফুট সীমানাপ্রাচীর ধসে পড়লে সবুজ নামে একজনের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মর্গে রাখা হয়েছে।