ভাটারায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

রাজধানীর ভাটারা এলাকায় রিগান রোজারিও (২৫) নামের এক যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেলে ভাটারার সাইদ নগর এলাকার একটি ভবন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান।

পুলিশ কর্মকর্তা মোক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘রিগান রোজারিও ভাটারা এলাকার একটি দোকানের কর্মচারী ছিলেন। ২৭ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর পরিবারের পক্ষ থেকে এ খবর গতকাল রাতে থানাকে জানানো হয়। আমরাও রিগান রোজারিওর খোঁজখবর করছিলাম। এর মধ্যেই খবর আসে সাঈদনগর এলাকায় একটি বাসায় মরদেহ পড়ে আছে। পরে সেখানে গিয়ে পুলিশ রিগান রোজারিওর মরদেহ উদ্ধার করে। তাঁর শরীরে অনেক জখমের চিহ্ন রয়েছে।’

ভাটারা থানার ওসি আরও জানান, সাঈদ নগরীর যে বাসা থেকে রিগান রোজারিওর মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে একটি পোশাক কারখানা রয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের জন্য পুলিশ কাজ করছে। তবে কী কারণে রিগান রোজারিও খুন হয়েছেন, সেটি এখনো জানা সম্ভব হয়নি।

ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।