ভাড়াটেদের পরিচয়পত্র দিতে হবে থানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরে অপরাধপ্রবণতা কমাতে সব ভাড়াটেকে সংশ্লিষ্ট থানায় ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। বাসা-বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সামনে বসাতে হবে ক্লোজসার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা)।
গতকাল মঙ্গলবার বিকেলে কামরাঙ্গীরচরের আল হেরা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম এসব কথা বলেন। ভাড়াটেদের সঠিক তথ্য নিয়ে ভাড়া প্রদান, যাচাই-বাছাই করে নৈশপ্রহরী নিয়োগ ও গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত করে আধুনিক কামরাঙ্গীরচর গড়ার লক্ষ্যে বাড়িওয়ালাদের সঙ্গে এ আলোচনা সভার আয়োজন করে কামরাঙ্গীরচর থানা-পুলিশ।
খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে প্রবেশের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে কামরাঙ্গীরচরকে ব্যবহার করছে জঙ্গিরা। সম্প্রতি কামরাঙ্গীরচর থেকে একজন জঙ্গি ধরা হয়েছে। তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে চারটি বোমা। হোসেনি দালানে হামলায় একই ধরনের বোমা ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, জঙ্গি তৎপরতা বন্ধ করতে কিছুদিনের মধ্যেই কামরাঙ্গীরচরের প্রত্যেক ভাড়াটিয়াকে একটি করে ফরম দেওয়া হবে। এই ফরম বাধ্যতামূলকভাবে পূরণ করে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। ফরমের সঙ্গে দিতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও রঙিন ছবি।
মন্ত্রী বলেন, সমাজের সবকিছু ধ্বংসের মূল মাদক। এই মাদক তরুণ প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে। কামরাঙ্গীরচরের উন্নয়নে সবাইকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, ভাড়াটিয়াদের পূরণ করা ফরম দুই সেট করতে হবে। এক সেট ফটোকপি করে রাখবেন বাড়ির মালিক, আরেকটি পুলিশের কাছে দিতে হবে। নতুন করে কেউ বাসা ভাড়া নিতে চাইলে তাকেও এই শর্ত মানতে হবে। এ ছাড়া এই এলাকায় অপরাধ কমাতে নিজ উদ্যোগে বাড়ির মালিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সিসি ক্যামেরা বসানোর আহ্বান জানানো হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও কামরাঙ্গীরচরের স্থানীয় বাসিন্দা মো. সাইদুল ইসলাম বলেন, ‘বহিরাগতরা কামরাঙ্গীরচরে এসে অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছে। তারা এই এলাকাটিতে নিরাপদ হিসেবে বেছে নিয়েছে। তারা বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালাচ্ছে। মাদক উচ্ছেদের প্রতিশ্রুতি পুলিশকে দিতে হবে।’
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসিন আলমের সভাপতিত্বে পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার সঞ্জিত কুমার রায়, লালবাগ জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) আর এম ফয়জুর রহমান, ডিএসসিসির ৫৫ ও ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর আলম ও মোহাম্মদ হোসেন, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সরকার প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে কামরাঙ্গীরচরের অধিকাংশ বাড়ির মালিক উপস্থিত ছিলেন।