ভারত-রাশিয়া যুদ্ধবিরতি প্রস্তাব ঠেকিয়ে স্বাধীনতা নিশ্চিত করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্ররোচনায় বিশ্বশক্তি ১৯৭১ সালে জাতিসংঘে যুদ্ধবিরতির যে প্রস্তাব এনেছিল, তা পাস হলে বাংলাদেশ স্বাধীন হতো না। এ দেশ কয়েকটি ভাগে বিভক্ত হওয়ারও সুযোগ ছিল। ভারত ও রাশিয়া তা ঠেকিয়ে বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করে। তাদের এই অবদানের কথা চিরদিন মনে না রাখলে বাঙালি জাতি অকৃতজ্ঞ বলে বিবেচিত হবে।বাংলাদেশকে ভারতের কূটনৈতিক স্বীকৃতির ৩৯তম বার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।আলোচনা সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মুক্তিযুদ্ধে ভারতের অকুণ্ঠ সমর্থনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘যুদ্ধের ময়দানে আমরা সামনাসামনি যুদ্ধ করেছি। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথমে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ করে সারা বিশ্বকে এর যৌক্তিকতা প্রমাণ করার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি সর্বাত্মক যুদ্ধে নামেন। তাঁর এই অবদান ভোলার নয়।’ অর্থমন্ত্রী আরও বলেন, ভারতীয় অনেক সামরিক-বেসামরিক লোক এ দেশের মুক্তিযুদ্ধে মারা গেছেন। অনেকে আহত হয়েছেন। তাঁদের নামে একটি স্মৃতিসৌধ করা কর্তব্য। এটা এই সরকার করবে।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম বলেন, ভারত যেভাবে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে যুদ্ধে সহায়তা করেছে, তা অকল্পনীয়।সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগার থেকে মুক্ত হয়ে ইংল্যান্ডে গিয়েছিলেন স্বীকৃতি আদায়ের জন্য। কিন্তু দেশে ভারতীয় সেনাবাহিনী থাকার কারণে ইংল্যান্ড স্বীকৃতি দেয়নি। তাই বঙ্গবন্ধু সরাসরি দেশে না এসে ভারতে গিয়ে সেনা ফিরিয়ে নেওয়ার বিষয়ে ইন্দিরা গান্ধীর প্রতিশ্রুতি আদায় করেন। ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী থাকার কারণেই সবকিছু সহজে হয়েছে বলে তিনি মন্তব্য করেন।বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রজিত মিত্র বলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি ছাত্র ছিলেন। তখন ছাত্ররা বাংলাদেশের মানুষের সহায়তায় গামছা পেতে অর্থ তুলেছিলেন। অনেক নারী নিজের হাতের বালা তুলে দিয়েছিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন আরও এগিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, ভারত যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা দিয়েছে, ফিলিস্তিনের মানুষ সে ধরনের সাহায্য পেলে সেখানকার মানুষকে এত কষ্ট করতে হতো না।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিচারপতি মোহাম্মদ গোলাম রব্বানী। অনুষ্ঠান পরিচালনা করেন শহীদ জায়া শ্যামলী নাসরীন চৌধুরী। আরও বক্তব্য দেন সাংসদ মোস্তফা ফারুখ মোহাম্মদ।