মাদকদ্রব্যের কাঁচামাল সুডো ইফিড্রিন চোরাচালানের সঙ্গে নয় ব্যক্তির জড়িত থাকার প্রমাণ পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর তালিকায় আছেন ভারতীয় নাগরিক ও বিমানবন্দরে কর্মরত শুল্ক কর্মকর্তা, আমদানি-রপ্তানি বিভাগের কর্মী ও সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) কর্মী। গত বছরের ১৫ সেপ্টেম্বরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫ কেজি ২০০ গ্রাম ওজনের এই চালানটি আটক করা হয়। এ ঘটনার তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ। পুলিশ এর সঙ্গে জড়িত সন্দেহে এয়ার বন্ড কার্গো কর্মী শফিকুল ইসলাম খান, সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) কর্মী জলিল আহমেদ, সোলায়মান কবির, তাঁদের সহযোগী মোহাম্মদ আলী, ফ্রেইড ফরোয়ার্ডের কর্মী রাশেদুল হাসান ও আবদুল হাকিমকে গ্রেপ্তার করে। এ ছাড়া শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান আত্মসমর্পণ করেন। বাকি দুজন এখনো পলাতক আছেন। তদন্তে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া জলিল আহমেদ ও সোলায়মান কবির চোরাচালানে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা আদালতকে বলেন, শুল্ক (কাস্টমস) বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান ওরফে মামুন, ভারতীয় নাগরিক ফারুক মাদ্রাজিসহ আরও পাঁচজন এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, তদন্তে নিশ্চিত হওয়া গেছে মাদকদ্রব্যের কাঁচামাল সুডো ইফিড্রিন দিয়ে ইয়াবা তৈরি হয়। সুডো ইফিড্রিন ভারত থেকে সংগ্রহ করেন ওই দেশের নাগরিক ফারুক মাদ্রাজি। সেই পণ্য তিনি বাংলাদেশ হয়ে মালয়েশিয়ায় পাঠাতে চেয়েছিলেন। এ কাজে ফ্রেইড ফরোয়ার্ডের কর্মী রাশেদুল হাসান ও জাভেদকে ব্যবহার করেন তিনি। সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান ওরফে মামুন এসব পাচারের জন্য মোটা অঙ্কের টাকা ঘুষ নেন। মতিয়ার বলেন, ফারুক মাদ্রাজি এর আগে মাদকদ্রব্যের ৮০ কেজি কাঁচামালসহ ধরা পড়েছিলেন। এরপর দুই বছর জেল খেটে জামিনে বেরিয়ে আবার ভারতে পালিয়ে যান। তাঁর শ্বশুরবাড়ি সাতক্ষীরায়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, শুল্ক বিভাগ, এয়ার ফ্রেইড ও ফরওয়ার্ডের কতিপয় কর্মী এসব পণ্য পাচারের পরিকল্পনা করেন। গ্রেপ্তার হওয়া এয়ার বন্ড কর্মী শফিকুলের নেতৃত্বে এর আগেও স্বর্ণের চোরাচালান হয়েছে বলে ডিবির কাছে তথ্য-প্রমাণ আছে।মামলার তদন্ত তদারক কর্মকর্তা সদ্যবিদায়ী ডিবির উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফারুক মাদ্রাজি ভারতে আছেন। আরেক ফ্রেইড ফরোয়ার্ড কর্মী জাভেদ আহমেদ পলাতক। তিনি গ্রেপ্তার হলে আদালতে মামলার অভিযোগপত্র জমা দেওয়া হবে।তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, চোরাচালানের মামলাটি জামিন অযোগ্য ধারায় হলেও এর দুই আসামি জামিনে বেরিয়ে গেছেন। জামিন পাওয়া সাইফুর রহমান সম্পর্কে পুলিশ প্রতিবেদনে বলা হয়, তিনি পাচারকারীদের কাছ থেকে ঘুষ নিয়ে পাচারে সহযোগিতা করেন। অন্য আসামি মোহাম্মদ আলী সম্পর্কে বলা হয়, এই আসামির চোরাচালানের সঙ্গে জড়িত থাকার প্রমাণ রয়েছে।এ ব্যাপারে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) শাহ আলম তালুকদার বলেন, আদালত চাইলে যে কাউকেই জামিন দিতে পারেন।