ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই কোটি ২০ লাখ টাকা মূল্যমানের জাল নোটসহ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে একজন ভারতীয় নাগরিক। গত মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: ভারতীয় নাগরিক মাসুদুর রহমান ওরফে বি এন সরকার (৪৫), আবদুল বাসেদ (৪১) ও শাহীন উল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে তিনটি প্রাচীন মুদ্রা, প্রতারণার কিছু সরঞ্জামাদি, কিছু রাসায়নিক পদার্থ এবং ভারতের পশ্চিমবঙ্গ গোয়েন্দা সংস্থার একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. শহীদুল্লাহ জানান, মাসুদুর রহমান নিজেকে ঢাকায় ভারতীয় দূতাবাসের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করতেন। ডিবির কর্মকর্তারা জানান, তাঁরা প্রাচীন মুদ্রার আদলে মুদ্রা তৈরি করতেন। এরপর ধান সেদ্ধ করে তার মধ্যে লোহার গুঁড়া ঢোকাতেন। এগুলো চুম্বকায়িত করে দেখাতেন যে এগুলোই প্রাচীন মুদ্রা, যা ধানকে আকৃষ্ট করে।