ভারতের সঙ্গে সম্পর্ক হোক দেশের স্বার্থ রক্ষা করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের ঢাকা সফরকে কেন্দ্র করে গতকাল সোমবার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ভিন্নভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তবে সবাই দেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সঙ্গে নানা ধরনের চুক্তি ও সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন।মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকে সামনে রেখে জাতীয় গণতান্ত্রিক লীগ গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়ে দ্বিপক্ষীয় আলোচনার সাফল্য কামনা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি মুহম্মদ আবদুল খালেক।বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় ভারতের সঙ্গে কোনো ধরনের অসম, অন্যায্য ও জাতীয় নিরাপত্তা ও স্বার্থবিরোধী চুক্তি এবং সমঝোতা স্মারক সই না করতে সরকারকে সতর্ক করা হয়েছে। এ ধরনের চুক্তি ও সমঝোতা এ অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।বাংলাদেশি বিহারি পুনর্বাসন ক্যাম্প ভারতের প্রধানমন্ত্রীকে বিহারিদের ক্যাম্প পরিদর্শনের জন্য দাবি জানিয়েছেন। ক্যাম্পের প্রধান পৃষ্ঠপোষক নেয়াজ আহমেদ খানসহ অন্যান্য নেতা এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান। একই সঙ্গে তাঁরা বিহারিদের জন্য ভারতের ভিসা প্রথা বাতিলের দাবিও জানান।খিলাফত আন্দোলনের প্রধান আমির আহমাদুল্লাহ আশরাফ ও মহাসচিব মুজিবুর রহমান হামিদি এক যুক্ত বিবৃতিতে বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জনগণ উৎ কণ্ঠিত ও আতঙ্কিত। ট্রানজিটের নামে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হুমকির দিকে ঠেলে দেওয়া হচ্ছে মন্তব্য করে তাঁরা সরকারকে এ ধরনের চুক্তি সই করা থেকে বিরত থাকার পরামর্শ দেন।ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম মনমোহনের সফরে ইসলাম ও দেশবিরোধী চুক্তি হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন। তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বের অজুহাতে লোকচক্ষুর আড়ালে একের পর এক দেশের স্বার্থবিরোধী চুক্তি করা হচ্ছে। ট্রানজিটে চুক্তিতে ভারতীয় স্বার্থ প্রাধান্য দেওয়ার অভিযোগ জানিয়ে তিনি বলেন, এ চুক্তি ভবিষ্যতে দেশের জন্য চরম হুমকি হয়ে দাঁড়াবে।কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্রজোটের এক বিবৃতিতে জানানো হয়েছে, মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের প্রতিবাদে আজ বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য চত্বরে এসে সমাবেশে মিলিত হবে। ট্রানজিটের নামে একতরফা করিডর প্রদানের চক্রান্ত বন্ধ, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, সীমান্তে কাঁটাতারের বেড়া প্রত্যাহার ও হত্যা বন্ধ, ছিটমহল সমস্যার সমাধান ও বাণিজ্য ঘাটতি নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে সংগঠনটি এ বিক্ষোভ করবে।সামাজিক-রাজনৈতিক আন্দোলন গতকাল সোমবার ‘দ্বিপক্ষীয় নয়, বহুমাত্রিক ট্রানজিট চাই’ শীর্ষক মানববন্ধনের আয়োজন করে। দলটি ভারতের পূর্বাঞ্চলের ১০টি রাজ্যসহ নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড ও চীনের কুনমিং পর্যন্ত বহুমাত্রিক ট্রানজিট গড়ে তোলার দাবি জানায়।