ভারপ্রাপ্ত বিচারকে চলছে মহানগর দায়রা জজ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারপ্রাপ্ত বিচারক দিয়ে চলছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। মহানগর দায়রা জজ আদালতের বিচারক না থাকায় বিচারধীন মামলার শুনানি করা সম্ভব হচ্ছে না বলে আইনজীবীরা অভিযোগ তুলেছেন। মহানগর দায়রা জজ ছাড়া তৃতীয় যুগ্ম মহানগর এবং সপ্তম সহকারী মহানগর দায়রা জজ আদালতে দীর্ঘদিন ধরে বিচারক নেই। ফলে বাড়ছে মামলার জট এবং ভোগান্তির শিকার হচ্ছেন বিচারপ্রার্থীরা।আদালত সূত্রে জানা যায়, মহানগর দায়রা জজ আদালতে প্রায় ৪১ হাজার মামলা বিচারাধীন রয়েছে। আইনজীবীরা জানান, মহানগর দায়রা জজসহ ১৩টি আদালত রয়েছে। এর মধ্যে মহানগর দায়রা জজের অধীনে ১২টি আদালত।সূত্র জানায়, বিচারক মো. ইসমাইল হোসেন সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ভারপ্রাপ্ত বিচারক হিসেবে মহানগর দায়রা জজ আদালতের দায়িত্ব পালন করেন। পরে তিনি চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারকাজ পরিচলানা করে থাকেন। ভারপ্রাপ্ত বিচারক হিসেবে তিনি মহানগর দায়রা জজ আদালতে আসামির জামিন শুনানি, ফৌজদারি আপিল ও রিভিশনের শুনানি গ্রহণ করে থাকেন। কিন্তু একই সঙ্গে দুটি আদালতের দায়িত্ব পালন করায় একজন বিচারকের পক্ষে বিচারাধীন মামলার শুনানি করা সম্ভব হচ্ছে না বলে আইনজীবীরা জানান। অন্য দুটি আদালতেও একই অবস্থা চলছে।আদালত সূত্র জানায়, গত ১৮ এপ্রিল ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ এন এম বশির উল্লাহ হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে এ পদটি শূন্য আছে। সেই থেকে ভারপ্রাপ্ত বিচারক হিসেবে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ইসমাইল হোসেন দায়িত্ব পালন করে আসছেন। অন্য দুটি আদালতেও পাঁচ মাসের অধিক সময় ধরে বিচারক নেই।আইনজীবী শ্রীপ্রাণনাথ প্রথম আলোকে বলেন, নিয়মিত বিচারক না থাকায় মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন মামলাগুলোর শুনানি হচ্ছে না। এর ফলে বাড়ছে মামলা জট এবং ভোগান্তির শিকার হচ্ছেন বিচারপ্রার্থীরা।ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, নিয়মিত বিচারক না থাকায় ভারপ্রাপ্ত বিচারক জামিন, ফৌজদারি আপিল ও রিভিশন শুনানি নিচ্ছেন। সময়স্বল্পতার কারণে বিচারক সংক্ষিপ্ত শুনানির ওপর দ্রুত আবেদন নিষ্পত্তি করছেন। এর ফলে আইনজীবী ও বিচারপ্রার্থী উভয়েরই সমস্যা হচ্ছে। এ বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অভিহিত করা হয়েছে।