বাংলাদেশে স্বাস্থ্য খাতে ভারসাম্যহীন অবস্থা চলছে। স্বাস্থ্য-ব্যয়ের ৬৫ শতাংশ মানুষ নিজে বহন করে। স্বাস্থ্য-ব্যয় মেটাতে গিয়ে বিপুলসংখ্যক মানুষ নিঃস্ব হয়ে পড়ে। এই পরিস্থিতি পাল্টাতে স্বাস্থ্য খাতে অর্থায়ন বিষয়ে নীতিনির্ধারকদের বিকল্প নিয়ে ভাবতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনেক বড়।গতকাল মঙ্গলবার ‘বাংলাদেশে স্বাস্থ্য সাংবাদিকতা ও সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) রাজধানীর একটি অভিজাত হোটেলে এর আয়োজন করে। এতে সহায়তা করে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রকেফেলার ফাউন্ডেশন। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, দেশের খাদ্য-পরিস্থিতি স্বাস্থ্য ও পুষ্টির ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ অতিথি রকেফেলার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জেনেথ ভেগা বলেন, বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা পদ্ধতি পৃথিবীর সেরা পদ্ধতিগুলোর একটি। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় স্তরের সেবার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আছে। এ ধরনের সমস্যা সমাধানে পৃথিবীব্যাপী সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা (ইউনিভার্সাল হেলথ কভারেজ) আন্দোলন শুরু হয়েছে। স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবির বলেন, জিডিপির ১ শতাংশেরও কম ব্যয় হয় স্বাস্থ্য খাতে। এর সঙ্গে হূদেরাগ, ক্যানসারের মতো রোগের বোঝা বাড়ছে। এসব রোগ চিকিৎসায় দীর্ঘ মেয়াদে খরচ অনেক বেশি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, পিআইবির মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস, রকেফেলার ফাউন্ডেশনের সহযোগী পরিচালক মোশতাক রাজা চৌধুরী বক্তব্য দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে স্বাস্থ্য সাংবাদিকতা ও সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন করেন।