ভারী বৃষ্টির পর তীব্র যানজট নাকাল রাজধানীবাসী
বাসে করে প্রতিদিন দেড় ঘণ্টায় রামপুরা থেকে গুলিস্তানে যান আবাদুজ্জামান শিমুল। কিন্তু গতকাল পৌনে তিন ঘণ্টাতেও তিনি গন্তব্যে পৌঁছাতে পারেননি। শুধু আবাদুজ্জামানই নন, তাঁর মতো নগরের প্রায় সব মানুষকেই ঘর থেকে বের হয়ে তীব্র যানজটের কবলে পড়তে হয়েছে।ট্রাফিক পুলিশের উপকমিশনার (উত্তর) মাসুদুর রহমান ভূঁইয়া এ প্রসঙ্গে বলেন, গতকাল সকালে দুই ঘণ্টার ভারী বর্ষণে রাজধানীর বেশ কয়েকটি সড়কে পানি জমে। এ কারণে সকালে যানজট সৃষ্টি হয়। দিনভর এরই রেশ থাকে। তবে বৃষ্টি থেমে যাওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়।বৃষ্টির পর রাজধানীর মালিবাগ, মহাখালী, মগবাজার, ফার্মগেট, মৌচাক, কারওয়ান বাজার, ফকিরাপুল প্রেসক্লাবসংলগ্ন সড়ক, শাহবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছিল তীব্র যানজট। বিকেলের দিকে ফার্মগেট থেকে আসাদগেট, শাহবাগ থেকে গুলিস্তান ও পল্টন, ফকিরাপুল থেকে আরামবাগসহ বেশ কয়েকটি পথেও যানজট ছিল ভয়াবহ। রাস্তায় যে দিকেই চোখ যায়, সে দিকেই ছিল গাড়ি আর গাড়ি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজধানীতে যানজটের চিত্র প্রতিদিনের। তারপর সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যাওয়ায় তা আরও তীব্র হয়ে ওঠে।রাস্তায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা জানান, এক দিনের সরকারি ছুটির পর গতকাল ব্যস্ত হয়ে ওঠে মহানগর। এর মধ্যেও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির চলাচলের জন্য রাস্তা ফাঁকা রাখতে হয়েছে। এসব কারণে রাস্তায় গাড়ির সংখ্যা ছিল বেশি।দেখা গেছে, যানজটের কারণে গতকাল যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে অন্য দিনের চেয়ে দুই বা আড়াই গুণ বেশি সময় লেগেছে। অনেককেই গাড়িতে বসেই কাটাতে হয়েছে কর্মঘণ্টা। অধৈর্য হয়ে কেউ কেউ হেঁটে রওনা হন। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মিরপুর ১০ থেকে বাংলামোটর আসতে এক ঘণ্টার পথে লেগেছে আড়াই ঘণ্টা। ফকিরাপুল থেকে শাহবাগ যেতে লেগেছে পৌনে এক ঘণ্টা।বাসযাত্রী সাইফুল ইসলাম জানান, মিরপুর ১১ থেকে বেলা দুইটায় তিনি কারওয়ান বাজারে আসার জন্য বাসে ওঠেন। পৌঁছাতে পৌঁছাতে বেজে যায় সাড়ে পাঁচটা। সময়মতো পৌঁছাতে না পেরে দিনভর তাঁর কোনো কাজই হয়নি।শাহবাগ মোড়ে এক যাত্রী ইকবাল হোসেন জানান, তিনি ফকিরাপুলে যাওয়ার জন্য বাসে উঠেছিলেন। যানজটের কারণে বাস কয়েক ঘণ্টা ধরে দাঁড়িয়েছিল। পরে বাস থেকে নেমে হেঁটে চলে যান তিনি।পথে পথে দেখা গেছে, টানা বৃষ্টিতে পথে হাঁটু পর্যন্ত পানি জমে যায়। এতে রামপুরা-বাসাবো-গোড়ান, মতিঝিল-পুরানা পল্টন থেকে হাজারীবাগ-শুক্রাবাদ, গুলশান-বারিধারা-বাড্ডা, বকশি বাজার, নাজিমুদ্দিন রোডসহ পুরান ঢাকার বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। অনেক সড়কে পানি ওঠায় চালকেরা যানবাহনের রুট পরিবর্তন করে অন্য রুটে যাওয়ার চেষ্টা করেন। মিরপুর, কাজীপাড়া, মৌচাকসহ বিভিন্ন এলাকার সড়কে হাঁটু পর্যন্ত পানি ছিল। এর ফলে রাস্তা সরু হয়ে যায়। এর প্রভাব পড়ে পুরো ঢাকা শহরে। পানিতে আটকে থেকে অনেক গাড়ির ইঞ্জিনও বন্ধ হয়ে যায়।মতিঝিল, কমলাপুর, দিলকুশা, আরামবাগ, ফকিরাপুল, শান্তিনগর, সার্কিট হাউস রোডসহ আশপাশের এলাকায় পানি জমায় দুর্ভোগ ছড়িয়ে পড়ে সরকারি-বেসরকারি অফিস এবং এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয়। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তাতেও ছিল পানি। দুপুরে ছুটি হওয়ার পর রিকশার অভাবে শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়। রিকশাওয়ালারা দ্বিগুণ, তিনগুণ ভাড়া হাঁকেন। বাড়তি ভাড়ায় অনেকে ঘরে ফিরে যেতে পারলেও বেশির ভাগ শিক্ষার্থী বৃষ্টিতে ভিজে যায়।