ভারী যান চলাচলে ৩ মাসের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেমরা-আমুলিয়া-রামপুরা-শেখের জায়গা লিংক রোডে ভারী যানবাহন চলাচলের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।

ওই লিংক রোডে ভারী যান চলাচলে বাধা প্রদানে ও রাস্তাটি ধ্বংস ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় বিবাদীদের অদক্ষতা কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। সড়ক পরিবহন ও সেতুসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক,  বিআরটিএর চেয়ারম্যানসহ ১১ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

‘তদারকির অভাবে বছর ঘুরতেই রাস্তা ভেঙে তছনছ’ শিরোনামে গত ২৫ মে একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটা যুক্ত করে বনশ্রীর বাসিন্দা এ কে এম কামরুল হাসান খান পাঠান গত রোববার রিটটি করেন, যার ওপর গতকাল শুনানি হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম এম জি সারোয়ার। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

পরে আইনজীবী এম এম জি সারোয়ার বলেন, সড়ক ও জনপথ বিভাগ ওই সড়কে অতিরিক্ত ওজনবাহী যান চলাচল বন্ধের বিষয়ে মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের বরাবর চিঠি দেয়। সাড়ে ১৫ টন ওজনের অধিক ভারী যানবাহন চলাচল বন্ধ করার জন্য অনুরোধ করা হয় ওই চিঠিতে। এরপরও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় রিট করা হলে আদালত ওই আদেশ দেন।