ভালোবাসা দিবস: হূদয় ব্যাকুল করা বসন্তের রঙের আবির আর ভালোবাসার স্নিগ্ধ পরশ মেখে আনন্দ-উচ্ছল হয়ে উঠেছিল রাজধানী
ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়েছিল নগরজুড়ে
ঘটা করে আয়োজন করা হলেও দিবসটি মূলত প্রতীকী। ভালোবাসার জন্য আবার আলাদা করে দিনক্ষণ কী? ভালোবাসা তো জনম জনমের। কিন্তু প্রেমিক-প্রেমিকার দরকার একটি উপলক্ষ। একে অপরের আরও কাছে আসার, আরও বেশি করে ভালোবাসার। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তরুণ-তরুণীরা ব্যস্ত ছিলেন এই দিনটিকে নিয়ে। প্রাণে প্রাণে ছড়িয়েছেন ভালোবাসার উষ্ণতা। আগের দিন বুধবার ছিল বসন্ত উত্সব। রঙিন বসন্তের দ্বিতীয় দিনে পালিত হলো ভ্যালেন্টাইনস ডে। হূদয় ব্যাকুল করা বসন্তের রঙের আবির আর ভালোবাসার স্নিগ্ধ পরশ মেখে আনন্দ-উচ্ছল হয়ে উঠেছিল রাজধানী। রঙিন শাড়ি, বিশেষ করে বাসন্তী কিংবা নানা বাহারি নকশার শাড়ি আর পুষ্পবেণিতে সজ্জিত নারী ও পাজামা-পাঞ্জাবি, ফতুয়ায় সজ্জিত পুরুষ দিনভর শহরকে বর্ণিল করে তুলেছিলেন। প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকা, বিভিন্ন উদ্যান আর বিপণিকেন্দ্রগুলোতে ভিড় ছিল তরুণ-তরুণীদের। ফুল বিনিময়, ভালোবাসার বাণী উত্কীর্ণ চকলেট, কার্ড, বই উপহার আর মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তা বিনিময়ের মধ্য দিয়ে প্রকাশ করেছেন একে অন্যের প্রতি ভালোবাসা। দিনটি উপলক্ষে প্রিয়জনকে নিয়ে খাওয়াদাওয়া আর আড্ডা তো ছিলই। রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছাড়াও দিনটি উপলক্ষে শহরের সব ফুলের দোকানে ছিল ভিড়। জমজমাট ছিল উপহারসামগ্রীর দোকানগুলোর কেনাবেচা। অন্য বছরগুলোর মতোই তারুণ্যের প্রাণ-প্রাচুর্যে দিনভর মুখর ছিল রাজধানীর বেশ কিছু এলাকা। রাজধানীতে বিকেলে বেড়েছিল প্রেমিক যুগলের ভিড়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ এলাকা থেকে বাংলা একাডেমীর বইমেলা পর্যন্ত দিনভর হাতে হাত রেখে ঘুরে বেড়িয়েছেন প্রেমিক যুগলেরা। তাঁদের হাতে ছিল গোলাপ-রজনীগন্ধা কিংবা অন্য কোনো ফুল। এমনিতে শাহবাগ চত্বরে আন্দোলনকারীদের উপস্থিতির কারণে লোকারণ্য ছিল। বিকেলে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরের আশপাশে মানুষের ঢল নেমেছিল। তরুণ-তরুণীদের ভিড়ে ঠাসা ছিল সেখানকার রেস্তোরাঁ ও আর ক্যাফেগুলো। প্রতিবারের মতো এবারও ভ্যালেন্টাইনস ডের আমেজ ছড়িয়ে পড়েছিল রমনা পার্ক, সোহ্রাওয়ার্দী উদ্যান, জিয়া উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, ধানমন্ডি, গুলশান, বনানী ও উত্তরার বেসরকারি বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকাগুলোর অভিজাত বিপণি আর রেস্তোরাঁয়। তারুণ্যর ব্যান্ড সংগীত: তারুণ্যদীপ্ত ভালোবাসা দিবসে রাজধানীর সংগীত সংগঠনগুলো ব্যস্ত ছিল। ঢাকার অদূরে কিছু বিনোদনকেন্দ্রসহ পুরান ঢাকার কয়েকটি উন্মুক্ত স্থানে কনসার্টের আয়োজন করা হয়। এ ছাড়া ভালোবাসার গান নিয়ে ছিল গানের অ্যালবামের প্রকাশনা। সন্ধ্যায় রবিরাগের আয়োজনে ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে ভালোবাসা দিবসের গানের আয়োজন করে রবিরাগ। সন্ধ্যায় ঢাকার অদূরে সাভার ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হয় ভালোবাসা দিবসের কনসার্ট। কনসার্ট ফর ভিক্টোরি শিরোনামের এই সংগীতানুষ্ঠানে গান শোনান মমতাজ ও বারী সিদ্দিকী। দলগতভাবে সংগীত পরিবেশন করে ব্যান্ড সোলস ও ফিডব্যাক। এই কনসার্ট সরাসরি সম্প্রচার করে দেশ টিভি। এ ছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে গানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।