ভালোবাসায় সজীব শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব ভালোবাসা দিবসে গতকাল রাজধানীর অনেকেই বেড়াতে বেরিয়েছিলেন প্রিয় মানুষকে নিয়ে। শাহবাগ মোড়ে আত্মজার সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত এক মা। পয়লা বসন্তের রেশ না কাটায় দুজনই সেজেছিলেন ফুলের মুকুট পরে l ছবি: প্রথম আলো
বিশ্ব ভালোবাসা দিবসে গতকাল রাজধানীর অনেকেই বেড়াতে বেরিয়েছিলেন প্রিয় মানুষকে নিয়ে। শাহবাগ মোড়ে আত্মজার সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত এক মা। পয়লা বসন্তের রেশ না কাটায় দুজনই সেজেছিলেন ফুলের মুকুট পরে l ছবি: প্রথম আলো

যদিও দিনক্ষণ বেঁধে ভালোবাসা হয় না। প্রকৃতির নিয়মে সহজাতভাবে হৃদয়ে জাগে ভালোবাসা। তবে হৃদয়ের ভাষা প্রকাশের বিশেষ কোনো দিন থাকলে মন্দ কী!
রোববার সারা দিন রাজধানীতে প্রকাশ্যে বা গোপনে বারবার বলা হয়েছে প্রেমের সেই বার্তা, ‘ভালোবাসি’। হয়তো কোনো নতুন প্রেমিক যুগল পরস্পরের হাতটি ধরে নতুনভাবে বলেছে চিরন্তন পুরোনো সেই কথা ‘ভালোবাসি তোমায়’। এদিন ছিল বিশ্ব ভালোবাসা দিবস। ইতিহাসের পাতায় সেন্ট ভ্যালেন্টাইনস ডে। রাজধানী ঢাকার পথে পথে চোখে পড়েছে দিবসটি উদ্যাপনের সুন্দরতম দৃশ্য। আর ফাগুনের রংমাখা বসন্তে যেন সজীব হয়েছে যান্ত্রিক এই শহর।
ভালোবাসা দিবসে গতকাল ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলেন প্রেমিক যুগলেরা। বসন্ত বাতাসে ভেসেছে তাঁদের মন। এই দিনে পুনর্ব্যক্ত হয়েছে বাকি জীবনে পাশে থাকার প্রত্যয়। প্রিয়জনের পাশাপাশি পরিবারের আপনজন বা প্রিয় বন্ধুটিকেও জানানো হয়েছে তাঁর প্রতি মমত্ব বা মনের গভীরতম টানের কথাটি।
ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চলসহ সোহরাওয়ার্দী উদ্যান বা রমনা পার্কের সবুজ-শ্যামিলমায় সম্পৃক্ত হয়ে আবেগের উচ্ছলতায় কেটেছে আনন্দময় মুহূর্ত। শাহবাগ থেকে প্রিয়জনের হাতে ফুল কিংবা একুশে গ্রন্থমেলা থেকে বই তুলে দেওয়া, মনজুড়ানো প্রেমের বাণীযুক্ত কার্ড উপহার দেওয়া—এমন নানা অনুষঙ্গের ভেতর দিয়ে প্রকাশ পেয়েছে ভালোবাসার উত্তাপ।
টিএসসি মোড়ে কথা হয় প্রেমিক যুগল শান ও তিশার সঙ্গে। কেমন কাটল ভালোবাসার দিন—জানতে চাইলে তিশা বললেন, ‘সকালেই আমার হাতে একগুচ্ছ গোলাপ তুলে দিয়েছে শান। ওর ফুলেল ভালোবাসায় সিক্ত হয়েছে মন। এরপর দুজন নানা জায়গায় ঘুরে বেড়িয়েছি। একটু পরেই তো নামবে বিকেল। অন্য সময় হলে বাসায় ফিরে যেতাম। তবে আজ যাব সন্ধ্যার পর।’
অনেকেই ভালোবাসা দিবসের বিকেলে ছুটে গেছেন একুশের বইমেলায়। সকালে প্রিয়জনকে ফুল দিয়েছেন আর বিকেলে দিয়েছেন বই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে বাংলা একাডেমির বইমেলা পর্যন্ত প্রেমিক যুগলদের হাতে হাতে দেখা গেছে লাল গোলাপ। ভালোবাসা দিবসকে ঘিরে বিকেলে বাড়তি জনসমাগম ঘটে ক্যাম্পাস এলাকায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশের রেস্তোরাঁ-ক্যাফেতে দিনভর ছিল প্রেমিক-প্রেমিকার আনাগোনা। আর বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা অনুষদই নয়, সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেক, চন্দ্রিমা উদ্যান, রমনা বটমূলসহ নানা স্থানে যুগল তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেবলই ফুল নয়, শুভেচ্ছা কার্ড, খুদে বার্তা, ফেসবুক কিংবা টুইটারের মাধ্যমেও ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন অনেকে।
বেশ কয়েক জায়গায় বসেছিল গানের আসর। নানা আয়োজনে ভালোবাসা দিবস উদ্যাপনের বিশেষ অনুষ্ঠান হয়েছে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে। সকাল থেকেই চোখধাঁধানো সাজে বর্ণিল এই আয়োজন করেছে ম্যাচমেকিং অ্যাপস। ইন্টারনেটে বন্ধু খোঁজার নতুন এই সামাজিক যোগাযোগমাধ্যম বাংলাদেশে তাদের যাত্রা শুরু করেছে গতকাল। সকাল থেকেই তরুণ-তরুণীরা নিজেদের ভালোবাসার গল্প লিখে তা সাঁটিয়ে দিচ্ছেন ‘বিরাট হৃদয়ে’। উদ্দেশ্য নিজেদের গল্পটিকে ভালোবাসার গল্পের বিশ্ব রেকর্ডের একটি অংশ করে নেওয়া। সঙ্গে ছবি তোলার ধুম। বিকেলে ছিল তারকাশিল্পীদের গান।