ভাষা জাদুঘর তরুণ প্রজন্মকে উদ্দীপিত করবে
শহীদ বরকতের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভাষা জাদুঘর স্থাপিত হয়েছে, তা তরুণ প্রজন্মের কাছে উদ্দীপনার বিষয় হিসেবে টিকে থাকবে। গতকাল রোববার ভাষাশহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালার উদ্বোধন করতে গিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান এসব কথা বলেছেন। তিনি বলেন, স্বাধীনতাযুদ্ধের স্মৃতি রক্ষায় যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে এই জাদুঘরটি তৈরি হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের পাশে তৈরি এই জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বরকতের মামাতো ভাই এস আর এ তাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে বরকতের ব্যবহূত হাতঘড়ি ও একুশে পদকটি তুলে দেন। অনুষ্ঠানে আবুল বরকতের ছোট ভাই আবুল হাসনাতের তিন সন্তান উপস্থিত ছিলেন। ভাষাশহীদ শফিউরের ছেলে শফিকুর রহমানও অনুষ্ঠানে যোগ দেন। জাদুঘরটির নিচের তলায় বাবাকে লেখা শহীদ আবুল বরকতের চিঠি, শৈশব থেকে তরুণ বয়স পর্যন্ত বিভিন্ন সময়ে তোলা আলোকচিত্র, তাঁর ব্যবহূত চায়ের কাপ-পিরিচ, হাতঘড়ি, ডিগ্রি পরীক্ষার সনদ ও ২০০০ সালে পাওয়া একুশে পদকটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। এসব বরকতের পরিবারের পক্ষ থেকে জাদুঘর কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। ৬৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত জাদুঘরটির দ্বিতীয় তলায় ভাষা আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, ভাষা আন্দোলনের ওপর লেখা বই, জাতিসংঘে বাংলায় বক্তৃতা করার সময় তোলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোকচিত্র, বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণার দলিলও জাদুঘরে স্থান পেয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির বলেন, দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ভাষাশহীদ জাদুঘর স্থাপন করা হবে। তিনি বলেন, গণতন্ত্রকে আবারও বন্দী করার ষড়যন্ত্র হচ্ছে। সামপ্রদায়িক শক্তি দেশকে পাকিস্তান ও আফগানিস্তান বানাতে চাইছে। ভাষাশহীদদের চেতনায় উজ্জীবিত হয়ে ওই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ভাষাসৈনিক অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘৫২ সালে ২১ ও ২২ ফেব্রুয়ারি রফিক, বরকত, জব্বার ও শফিউরের লাশের কথা আমরা জানি। কিন্তু এর বাইরেও আরও অনেকে পাকিস্তানি শাসকদের লেলিয়ে দেওয়া পুলিশের গুলিতে মারা গেছেন। তাঁদের লাশ ওই সময় গুম করা হয়েছে।’ তিনি বলেন, একাত্তরে ৯৩ হাজার পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করলেও রাজাকার-আলবদররা আত্মসমর্পণ করেনি। তারা বাংলাদেশের বিরুদ্ধে এখনো যুদ্ধ করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহ-উপাচার্য হারুন-অর-রশীদ ও জহুরুল হক হলের প্রভোস্ট আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন।