ভাষানটেকে বাসার তালা ভেঙে লাশ উদ্ধার
রাজধানীর ভাষানটেক থানার মাটিকাটা এলাকার একটি বাসার তালা ভেঙে গতকাল শুক্রবার রাতে শাহ আলম (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শাহ আলমের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আজ শনিবার শাহ আলমের ভাই মো. হাফিজুল বাদী হয়ে ভাষানটেক থানায় হত্যা মামলা করেছেন।
শাহ আলমের বাড়ি ময়মনসিংহের ত্রিশালের হরিরামপুরের মধ্যপাড়ায়। তিনি অবিবাহিত ছিলেন।
ভাষানটেক থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) জিয়াউদ্দিন আজ শনিবার প্রথম আলোকে বলেন, ৩০ ডিসেম্বর রাত থেকে ৩১ ডিসেম্বর ভোরের যেকোনো সময়ে কে বা কারা তাঁকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে বাইরে থেকে তালা মেরে পালিয়ে গেছে।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আজ প্রথম আলোকে বলেন, এই ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।