শিশুরা দল বেঁধে এসেছে জাদুঘরে। শুনেছে ভাষার জন্য সংগ্রাম করা বড়দের কথা। বড়দের মুখে ভাষা আন্দোলনের আগুনঝরা দিনগুলোর কথা শুনে তারা উদ্বেলিত। অনুসন্ধিৎসু প্রশ্ন করে ওরা জিতে নিয়েছে পুরস্কারও। আগামী ৭ আগস্ট বাংলাদেশ জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর দুই বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। শততম প্রতিষ্ঠাবার্ষিকী এবং শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে ভাষাসংগ্রামী ও শিক্ষার্থীদের সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভাষাসংগ্রামী আহমদ রফিক শিক্ষার্থীদের সামনে ভাষাসংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টির সভাপতি এম আজিজুর রহমান। সংলাপ অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য দেন উদ্দীপন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী নাসরীন চৌধুরী। অনুষ্ঠানে১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্য থেকে ভাষাসংগ্রাম বিষয়ে অনুসন্ধিৎসু প্রশ্ন করার জন্য আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের হাসিন ইসরাক প্রথম, নাজিরাবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের মারিয়া সুলতানা দ্বিতীয় এবং স্কলাস্টিকার ইসমামুল হককে তৃতীয় নির্বাচিত করা হয়। হ্যামিলনের বাঁশিওয়ালা সরলরেখার মতোই সহজ ভাষায় লেখা গল্প কিংবা উপন্যাসে মোহাবিষ্ট করেছেন পাঠককে। একইভাবে নাটক কিংবা সিনেমা নির্মাণ করেও বিনোদিত করেছেন দর্শককে। পাখির মুখ দিয়ে বলানো তাঁর নাটকের সংলাপ ‘তুই রাজাকার’ এখন তুমুলভাবে বিরতিহীন কণ্ঠে উচ্চারিত হচ্ছে প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে। আর লেখককে নিয়ে লিখেছেন সিনহা আবুল মনসুর। বইয়ের শিরোনাম হুমায়ূন একজন হ্যামিলনের বাঁশিওয়ালা। ৩০ বছর ধরে হুমায়ূনকে পাঠ করে তাঁর সৃষ্টির নির্যাসের আলোকে লেখা হয়েছে এ বই। প্রকাশ করেছে দিব্যপ্রকাশ। গতকাল শনিবার সন্ধ্যায় রূপসী বাংলা হোটেলের বলরুমে বইটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা কলেজ ’৮১ ওয়েলফেয়ার ট্রাস্ট। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার। বিশেষ অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সাউথ এশিয়া মিডিয়া কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, ছড়াকার ও শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন। সভাপতিত্ব করেন শিক্ষাসচিব কামাল চৌধুরী। অনুভূতি ব্যক্ত করেন বইয়ের লেখক সিনহা আবুল মনসুর। সূচনা বক্তব্য দেন দিব্যপ্রকাশের স্বত্বাধিকারী মঈনুল আহসান সাবের। বহে কাল নিরবধিঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে গতকাল সন্ধ্যায় বহে কাল নিরবধি স্লোগানে ‘শিল্পকলায় মুহসীন হল আর্ট গ্রুপ ২০১৩’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। অনুষদের ডিন সৈয়দ আবুল বারক্ আলভী প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যমে বাংলার প্রকৃতি ও জনজীবনের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রদর্শনী চলবে।