ভাষাসৈনিক মতিনকে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

ভাষাসংগ্রামী আবদুল মতিনের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। সেখানে হাজারো মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আয়োজনে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভাষা-মতিনের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। শ্রদ্ধা নিবেদনের এই পর্বে সহযোগিতা করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
আবদুল মতিনের মরদেহে প্রথমে শ্রদ্ধা নিবেদন করে বিএসএমএমইউ। এরপর আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, সাংস্কৃতিককর্মীসহ সর্বস্তরের হাজারো জনসাধারণ তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন পর্বের পর এই ভাষাসৈনিকের মরদেহ শোভাযাত্রাসহ ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত ঢাকা মেডিকেল কলেজের আমতলা ও ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে নেওয়া হবে। এরপর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। গতকাল বুধবার বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মহাপ্রয়াণে যান আবদুল মতিন।