ভাসমান ব্যবসায়ীদের দখলে আদালত এলাকার রাস্তা
পুরান ঢাকার আদালত এলাকার রাস্তা দখল করে ফল ও সবজির দোকান নিয়ে বসছেন ভাসমান ব্যবসায়ীরা। একাধিকবার পুলিশ আদালত এলাকার রাস্তা থেকে এসব অবৈধ দোকান উচ্ছেদ করেছে। তবে উচ্ছেদের কিছুদিন পর আবার ভাসমান ব্যবসায়ীরা দোকান সাজিয়ে বসেন। ব্যসায়ীরা বলেছেন, দোকান বসাতে পুলিশকে টাকা দিতে হয়। আইনজীবীদের অভিযোগ, এর ফলে চলাচলে সমস্যার পাশাপাশি আদালত এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, আদালত এলাকার রায়সাহেব বাজার মোড় থেকে শাঁখারীবাজারের মোড় পর্যন্ত কোর্ট হাউস স্ট্রিটের রাস্তার দুই পাশের জায়গা দখল করে বসেছে তরিতরকারি ও ফলমূলের দোকান। এতে প্রতিদিনই এই সড়কে তীব্র যানজট লেগেই থাকে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত প্রথম আলোকে বলেন, আদালতের নিরাপত্তার স্বার্থে প্রায় প্রতিদিনই ভাসমান দোকান উচ্ছেদের জন্য অভিযান চালানো হয়। ভাসমান দোকান ব্যবসায়ীকে ধরে আদালতে চালান করা হয়। আদালত এলাকার ভেতরে কোনো দোকান বসতে দেওয়া হয় না। পুলিশের বিরুদ্ধে টাকা দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা মোটেই ঠিক নয়।
আদালত সূত্রে জানা যায়, এসব ভাসমান দোকান উচ্ছেদের বিষয়ে বিচারক, অপরাধ তদন্ত ও প্রসিকিউশন বিভাগ, লালবাগ অপরাধ বিভাগ ও ঢাকা আইনজীবী সমিতির সম্মিলিত উদ্যোগে ২০০৯ সালে সভা হয়। ওই সভায় ভাসমান দোকান উচ্ছেদ করার সিদ্ধান্ত হয়। এরপর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক বিকাশ কুমার সাহা আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশমুখে লোহার ফটক নির্মাণসহ বাইরে গাড়ি রাখা এবং ভাসমান দোকান বসতে কড়াকড়ি আরোপ করেছিলেন। তবে বর্তমানে সেই অবস্থা আর নেই।
সবজিবিক্রেতা আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘আদালত এলাকায় বিনা পয়সায় ব্যবসা করা যায় না। পুলিশকে বখরা দিয়ে দোকান বসাতে হয়।’ ২০১৩ ও ২০১৪ সালে আদালত এলাকায় বোমা হামলার কারণে কিছুদিন কড়াকড়ি করা করা হয়েছিল। তখন আদালতের কার্যক্রম শুরুর আগে এবং শেষে দোকান বসতে দেওয়া হতো। এখন সারা দিনই দোকানে বেচাকেনা চলছে। ফলবিক্রেতা আখতার হোসেন বলেন, আদালত এলাকায় বড় কোনো মামলা বা গুরুতর কোনো বিষয় থাকলে সেদিন নিরাপত্তার জন্য দোকান উঠিয়ে দেয় পুলিশ। পুলিশকে টাকা দিয়ে তাঁরা দোকান করেন।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, আদালত এলাকার পরিবেশ এবং নিরাপত্তার স্বার্থে ভাসমান দোকান উচ্ছেদ করা প্রয়োজন। এ বিষয়ে মহানগর দায়রা জজ, জেলা জজ ও পুলিশ প্রশাসনকে ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে অবহিত করা হয়েছে। ঢাকার আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী নজিবুল্লাহ বলেন, সকাল থেকেই দোকান বসায় চলাচলে সমস্যা হচ্ছে।