ভাস্কর্যবিরোধীদের ও জাতীয় পতাকা অবমাননাকারীদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশ করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম
ছবি: প্রথম আলো

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ও বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরকারীদের এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয় পতাকা বিকৃতিকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম নামে একটি সংগঠন। সংগঠনটির নেতা-কর্মীরা বলছেন, এ ধরনের কর্মকাণ্ড ইতিহাস বিকৃতির শামিল। এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশ করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে তারা বলেছে, এসব ঘটনা ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের ব্যানারে শহীদ মিনারের ছবি ব্যবহার, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের ফুল দিতে গিয়ে স্মৃতিসৌধকে অবমাননা করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের কিছু অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের ব্যানারেও বিজয় দিবস ও শহীদ দিবসে বিকৃত করে ব্যানার–পোস্টার করতে দেখা গেছে।

মানববন্ধনে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের আহ্বায়ক অহিদুল ইসলাম বলেন, যাঁরা জাতীয় পতাকার আকার, রং জানেন না, ’৭১–এ শহীদ আর ভাষা আন্দোলনের শহীদ কারা, তা জানেন না, কোনটা স্মৃতিসৌধ আর কোনটা শহীদ মিনার জানেন না, তাঁরা কীভাবে শিক্ষক ও শিক্ষার্থী হলেন। এসব ঘটনা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ভাষা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে করা হয়েছে।

বঙ্গবন্ধু ও বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরকারীদের এবং জাতীয় পতাকা অবমাননাকারীদের শাস্তির জোর দাবি জানান অহিদুল ইসলাম।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক সদস্য সোহেল মিয়া বলেন, দেশ স্বাধীনের এত বছর পরও বিজয় দিবস ও জাতীয় পতাকাকে অপমান করা হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

মানববন্ধন থেকে চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবি জানান তাঁরা।

মানববন্ধনে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের আহ্বায়ক সদস্য গোলাম কিবরিয়া, অনুকূল সরকার, রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।