ভাড়া না দেওয়ায় আদালতের নির্দেশে ভাড়াটে উচ্ছেদ
ধানমন্ডির ৯/এ সড়কের ৪০/এ নম্বর বাড়িটি আমিনুল ইসলাম ভাড়া নিয়েছিলেন থাকার জন্য। তিনি মারা যাওয়ার পর ছেলে জি এস এইচ জামাল বাড়িটিকে বানিয়ে ফেলেন কমিউনিটি সেন্টার। নাম দেন ‘শাপলা কমিউনিটি সেন্টার’। বাড়ির মালিকের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরও তিনি বাড়িটি তো ছাড়েনইনি বরং ভাড়াও দিচ্ছিলেন না। আদালতের নির্দেশে তাই গতকাল রোববার ভাড়াটেকে উচ্ছেদ করা হয়।জানা যায়, ১৯৯০ সালের শুরুতে এক বিঘা জমির ওপর বাড়িটি চুক্তিভিত্তিতে আমিনুল ইসলামকে ভাড়া দেওয়া হয়। তিনি মারা যাওয়ার পর ছেলে জি এস এইচ জামালের সঙ্গেও কয়েক দফা চুক্তি হয়। ১৯৯৫ সালে হওয়া সর্বশেষ চুক্তিটির মেয়াদ শেষ হয় ’৯৬ সালের ৩১ ডিসেম্বর। চুক্তির শর্ত ছিল, নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ছেড়ে দিতে হবে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও বাসা ছাড়ছিলেন না জামাল। এমনকি তিনি বাড়ি ভাড়াও পরিশোধ করছিলেন না। এর পরিপ্রেক্ষিতে ২০০৩ সালে তৃতীয় সাব-জজ আদালতে মামলা করেন মালিকপক্ষ। তবে মামলাটি ২০০৫ সালে দ্বিতীয় সাব-জজ আদালতে (বর্তমান যুগ্ম জেলা জজ) স্থানান্তরিত হয়। ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর আদালত মালিকপক্ষের পক্ষে রায় দেন। একই সঙ্গে মোহাম্মদ আবদুল মজিদকে আদালতের প্রতিনিধি হিসেবে ভাড়াটেকে উচ্ছেদ করতে নির্দেশ দেন। মোহাম্মদ আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া অবৈধভাবে কমিউনিটি সেন্টারটি দখল করে রেখেছিলেন। আদালতের রায় অনুযায়ী তাঁদের উচ্ছেদ করা হয়েছে। ভাড়াটে জি এস এইচ জামালের সঙ্গে যোগাযোগ করা যায়নি।