ভাড়া নিয়ে যাত্রী-চালকের খিটিমিটি চলছেই
রাজধানীর বাটা সিগনাল মোড় থেকে খেয়া হাসান সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করছিলেন। গন্তব্য খিলগাঁও। চালক মিটারে যেতে রাজি নন। ভাড়া হাঁকলেন ৩৫০ টাকা। অথচ মিটারে গেলে খিলগাঁও থেকে বাটা সিগন্যালের দূরত্ব অনুযায়ী ভাড়া উঠতে পারে সর্বোচ্চ ২৫০ টাকা। অনেক খেঁচাখেঁচির পর চালক মিটারে যেতে রাজি হলেন। তবে এতেও শর্ত। মিটারে যে ভাড়া উঠবে, এর বাইরে ৩০ টাকা দিতে হবে। ঠেকায় পড়ে যাত্রী রাজি হলেন।
ঢাকায় অটোরিকশা ভাড়া করার সময় চালক আর যাত্রীর এই দর-কষাকষি রোজকার চিত্র। বাগ্বিতণ্ডা চরমে উঠতে উঠতে কখনোবা হাতাহাতিও লেগে যায়। এরপরও এ সমস্যার যেন কোনো সমাধান নেই।
গত বছরের ১ নভেম্বর থেকে রাজধানীতে অটোরিকশার সংশোধিত ভাড়ার হার কার্যকর হয়েছে। ওই সময় থেকে মিটারে যেতে চালকদের ওপরে বাধ্যবাধকতা আরোপ করা হয়। প্রায় এক বছর হয়ে এলেও এখনো মিটারে চলছেন না চালকেরা। কারণ হিসেবে তাঁরা বলছেন, অটোরিকশার মালিককে বেশি টাকা জমা দিতে হয়। মাঝখানে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। বেশির ভাগ চালকের একগুঁয়েমির কাছে হার মানতে বাধ্য হন যাত্রীরা।
মো. সাইফুল ইসলাম পোস্তগোলার একটি গ্যারেজের অটোরিকশা ভাড়ায় চালান। তাঁর ভাষ্য, বেলা ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত চালানোর শর্তে মালিককে ১ হাজার ১০০ টাকা দিতে হয়। আবার সকাল থেকে দুপুর পর্যন্ত চালান আরেক চালক। এভাবে দুই চালক দিয়ে অটোরিকশা চালিয়ে প্রতিদিন মালিক আদায় করেন ১ হাজার ৭০০ টাকা। অথচ নতুন নিয়ম অনুযায়ী, ২৪ ঘণ্টার জন্য একজন অটোরিকশা মালিক আদায় করতে পারবেন ৯০০ টাকা।
গত বছরের ১৬ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সিএনজি বা পেট্রলচালিত ফোর স্ট্রোক থ্রি-হুইলারের ভাড়ার হার সংশোধন করে প্রজ্ঞাপন জারি করে। থ্রি-হুইলারের দৈনিক জমার পরিমাণ ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৯০০ টাকা করা হয়। প্রথম দুই কিলোমিটারের ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়। পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা করে। আর বিরতিকালের জন্য প্রতি মিনিটে দিতে হবে দুই টাকা করে। এ ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয় ৪০ টাকা।
আমীর হোসেন প্রায় ২৫ বছর ধরে গাড়ি চালাচ্ছেন। আগে চালাতেন বেবিট্যাক্সি। এখন অটোরিকশা সেই জায়গা নিয়েছে। আমীরের ভাষ্য, কখনো মিটারে, আবার কখনো মিটার ছাড়া অটোরিকশায় যাত্রী তোলেন। মিটারে গেলে যাত্রীর কাছ থেকে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বকশিশ নেন। তিনি বলেন, ‘সুবিধামতো মিটারে চলি। যানজট থাকলে মিটারে চালাই। এতে পয়সা বেশি আসে।’
সিএনজিচালিত অটোরিকশার চালকেরা সুযোগ বুঝে মিটারে চালান বলে মন্তব্য করেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত আবদুস সামাদ। তিনি বলেন, যখন যানজট বেশি থাকে, তখন মিটারে গেলে লাভ বেশি হয় বলে চালকেরা রাজি হন। কিন্তু তা না হলে চুক্তিই ভরসা। তা ছাড়া কম দূরত্বে চালকেরা যেতে চান না বলে অভিযোগ করেন তিনি।
মিটারে না যেতে চালকদের অজুহাতের অভাব নেই বলে অভিযোগ করেন নূরজাহান বেগম। পেশায় শিক্ষক। তিনি বলেন, তাড়া থাকলে অনেক ক্ষেত্রে তা মেনেও নিতে হয়। আর পর্যাপ্ত অটোরিকশা পাওয়া না গেলে তো কথাই নেই।
মালিকদের বেশি টাকা জমা দেওয়ার অভিযোগ নিয়ে জানতে চাইলে ঢাকা মহানগর অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বরকতউল্লাহ বুলু বলেন, মালিকদের অনেকবার চালকদের কাছ থেকে বেশি টাকা জমা নেওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে। এ ক্ষেত্রে শতভাগ সফলতা পাওয়া যায়নি।
মিটারে ভাড়া নেওয়ার হার আগের চেয়ে অনেক বেড়েছে বলে মন্তব্য করেন বরকতউল্লাহ। তিনি বলেন, অনেক সময় যাত্রীরা খুশি হয়েই বকশিশ দেন। যেসব মালিক সরকার-নির্ধারিত টাকার চেয়ে বেশি টাকা নেন, তাঁদের ব্যাপারে ব্যবস্থা নিলে সমিতির কোনো আপত্তি নেই। বাড়তি ভাড়া নেওয়া চালকদের বিরুদ্ধে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে সমিতির পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হয় বলে জানান তিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক (নর্থ) বিভাগের যুগ্ম কমিশনার (জয়েন্ট কমিশনার) মো. আবদুর রাজ্জাক বলেন, অটোরিকশার ভাড়া যেন বেশি না নেয়, তা দেখার জন্য বিশেষ সার্জেন্টরা কাজ করছেন। ভাড়া বেশি নেওয়া হচ্ছে কি না, যাত্রীদের জিজ্ঞাসাও করা হয়। ভাড়ায় যাচ্ছে, নাকি চুক্তিতে যাচ্ছে, তা পরীক্ষা করা হয়। এর পাশাপাশি কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সচিব মুহাম্মদ শওকত আলী বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়া রুখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত চালানো হচ্ছে। তা ছাড়া পুলিশও অভিযান চালিয়ে যাচ্ছে। যেসব চালক মিটারে ভাড়া নেন না, তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেসব মালিক সরকার-নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা জমা নেন, তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। এ ব্যাপারে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।